টানা কয়েক দিনের বৃষ্টির পর অবশেষে স্বস্তি ফিরেছে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। শনিবার দুপুরের পর থেকেই অধিকাংশ জেলায় নতুন করে বৃষ্টির খবর মেলেনি। বর্ষার বিদায়ের পর এ বার শীতের অপেক্ষায় রাজ্যবাসী। কবে থেকে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে, সেই বিষয়ে আগাম পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের ইঙ্গিত, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে শুরু করবে।
কবে থেকে কমবে তাপমাত্রা?
বৃষ্টির দাপট কমতেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মেঘ কাটলে রোদের দেখা মিললেও বাতাসে শীতের আমেজ বাড়তে পারে। রবিবার সকালেও কলকাতার একাধিক এলাকায় কুয়াশার দাপট দেখা গিয়েছে। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল শহর। যদিও সকাল ৬টার পর ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব কমতে থাকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে ধাপে ধাপে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে রাতের তাপমাত্রা। অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শীতের আমেজ আরও জোরালো হওয়ার সম্ভাবনা।
রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
উল্লেখ্য, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি। ফলে বৃষ্টির রেশ কাটিয়ে এ বার পারদ কতটা নামে, সেদিকেই নজর আবহাওয়াবিদদের।

