খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

PUBG খেলাকে কেন্দ্র করে বিবাদ, বরাহনগরে তরুণী খুনে দিল্লি থেকে গ্রেফতার প্রেমিক, মোবাইলের মেসেজে মিলেছিল সূত্র

Arunima karmakar ·

বরাহনগরের (Baranagar) ২৬ বছরের তরুণী অঞ্জলি সাউ খুনের (Murder) ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ (Police)। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অঞ্জলির প্রেমিক। অবশেষে বৃহস্পতিবার দিল্লির একটি রেলস্টেশনের বাইরে থেকে তাঁকে গ্রেফতার (Arrest) করল বরাহনগর থানার পুলিশ (Baranagar Police)। এক সাব-ইনস্পেক্টরের (Sub Inspector) নেতৃত্বে পুলিশের একটি দল দিল্লিতে (Delhi) গিয়ে অভিযান চালায়। ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) (Deputy Police Commissioner) কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃতকে দিল্লি থেকে কলকাতায় (Kolkata) নিয়ে আসা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই এই খুনের ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

পুলিশ সূত্রে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অনলাইন গেম PUBG খেলাকে কেন্দ্র করেই অঞ্জলির সঙ্গে তাঁর প্রেমিকের বিবাদ তৈরি হয়েছিল। সেই অশান্তির জেরেই তরুণীকে খুন করা হয়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। ধৃত যুবক নিজেও PUBG খেলায় আসক্ত ছিলেন বলে পুলিশের একটি সূত্রের দাবি। তবে গেম খেলাকে কেন্দ্র করে ঠিক কী নিয়ে দু’জনের মধ্যে বিবাদ হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেই রহস্যের কিনারা করতে চাইছেন তদন্তকারীরা।

গত ১০ নভেম্বর বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ডের শীতলামাতা লেনের একটি ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয়। ডানলপের বাসিন্দা ২৬ বছরের ওই তরুণীর দেহ উদ্ধার করতে মঙ্গলবার রাতে পাঁচতলার ফ্ল্যাটের দরজা ভাঙতে হয় পুলিশকে। বিছানায় শোয়ানো অবস্থায় দেহটি পড়েছিল। শরীর ও মুখে আঘাতের চিহ্ন ছিল। গলায় সাদা ওড়নার ফাঁসও দেখা যায় বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল। এরপরই খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অভিযোগ, খুনের পর অঞ্জলির মোবাইল ফোন ব্যবহার করেই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন অভিযুক্ত। ফোনের টাওয়ার লোকেশন ধরে তাঁর অবস্থান শনাক্ত করার চেষ্টা করেন তদন্তকারীরা। কিন্তু বার বার মোবাইল ফোনটি সুইচ অফ ও অন করে অবস্থান বদল করছিলেন তিনি। পুলিশের অনুমান, তদন্তকারীদের বিভ্রান্ত করতেই এই কৌশল নিয়েছিলেন অভিযুক্ত।

মৃতার পরিবারের দাবি, অঞ্জলির নিখোঁজ মোবাইল থেকে তাঁরা প্রথমে ‘হাই’ লিখে মেসেজ পান। উত্তরে লেখা হয়েছিল, ‘যা জানার বা জিজ্ঞাসা করার রয়েছে, তা জানতে চাওয়া হলে উত্তর মিলবে।’ এর কিছুক্ষণ পরেই আসে আরও একটি রহস্যজনক বার্তা—‘তোমাদের মধ্যে রয়েছি, কিন্তু ধরতে পারবে না।’ এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়। পরিবারের সন্দেহ ছিল, অঞ্জলির মোবাইল ফোনটি অভিযুক্ত প্রেমিকের কাছেই রয়েছে।

পুলিশ সূত্রে খবর, একাধিকবার অভিযুক্তের অবস্থান শনাক্ত করেও তাঁকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। বার বার জায়গা পরিবর্তন করছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার দিল্লিতে তাঁকে পাকড়াও করা হয়। এসিপি (বেলঘরিয়া) জানিয়েছেন, শুক্রবার এই ঘটনায় বিস্তারিত তথ্য জানানো হবে। আপাতত ধৃতকে কলকাতায় ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। সেই জেরাতেই অঞ্জলি খুনের নেপথ্যে প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *