২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডে নতুন করে বিতর্ক, উসমান খোয়াজার বিস্ফোরক অভিযোগের মুখে অবশেষে মুখ খুলতে চলেছেন অস্ট্রেলিয়ার (Australia) অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে তাঁর বক্তব্য জানার জন্য শুক্রবার সকালেই সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা কামিন্সের। অন্যদিকে, এই বিতর্কে জড়াতে নারাজ অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্ব এবং ইংল্যান্ডের জো রুট। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ২০১৮ সালের কেপ টাউন টেস্ট ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেট মহলে।
সম্প্রতি নিজের আত্মজীবনী ‘সাবর’-এ ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার উসমান খোয়াজা। তাঁর দাবি, কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনার দায় শুধুমাত্র শাস্তিপ্রাপ্ত তিন ক্রিকেটারের উপর চাপানো ঠিক নয়। এই ঘটনার পিছনে দলের আরও অনেকে জড়িত থাকতে পারেন কিংবা বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। খোয়াজার এই মন্তব্যের পরেই নতুন করে আলোচনায় উঠে এসেছে অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম কলঙ্কজনক অধ্যায়।
বৃহস্পতিবার সমাজমাধ্যমে কামিন্স জানিয়েছেন, শুক্রবার সকালে ক্রিকেট সেন্ট্রালে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। খোয়াজার অভিযোগগুলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য সময় নিয়েছেন বলেও জানিয়েছেন অজি অধিনায়ক। ফলে তাঁর বক্তব্যের দিকে তাকিয়ে ক্রিকেটমহল।
তবে এই বিতর্কে জড়াতে চান না ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলীয় দলের সদস্য পিটার হ্যান্ডসকম্ব। শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে শতরান করার পর তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন। তাঁর বক্তব্য, বিতর্কের মধ্যে না জড়িয়ে ক্রিকেটারদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।
ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটও খোয়াজার অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের অংশ না হওয়ায় সেই সময় কী ঘটেছিল, তা নিয়ে অনুমান করতে রাজি নন তিনি। আসন্ন একদিনের সিরিজেই তাঁর যাবতীয় মনোযোগ বলে জানিয়েছেন রুট।
এর আগে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কও এই বিতর্কে মুখ খুলেছিলেন। ২০১৮ সালের ঘটনা নিয়ে তাঁর স্মৃতিতে কোনও পরিবর্তন হয়নি বলে দাবি করেছেন তিনি। কেপ টাউন টেস্টে বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কিছুই জানতেন না বলেও জানিয়েছেন স্টার্ক।
উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বলের আকৃতি পরিবর্তনের জন্য স্যান্ডপেপার ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। ঘটনায় অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। ব্যানক্রফটের উপর নেমে এসেছিল ন’মাসের নির্বাসন।
নতুন করে বিতর্ক মাথাচাড়া দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আপাতত তদন্ত ফের শুরু করার প্রয়োজনীয়তা দেখা হচ্ছে না। তবে কামিন্সের শুক্রবারের সাংবাদিক বৈঠকে কী উঠে আসে, এখন সেদিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।

