উৎসবের মরশুমে আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা অব্যাহত। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও বৃষ্টির সম্ভাবনা থেকে এখনই রেহাই মিলছে না। নতুন করে ঘূর্ণিঝড়ের কোনও সতর্কতা না থাকলেও কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। কমবে বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে ফের তাপমাত্রা নামতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কয়েকটি এলাকায় অস্বস্তিও বাড়তে পারে।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে। কমবে বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকালের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দু-এক জায়গায় দমকা হাওয়াও বইতে পারে। বুধবার মূলত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের দিকের জেলাগুলিতে দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমবে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতার ক্ষেত্রেও মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা হতে পারে। মেঘের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
সব মিলিয়ে, সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি ও ভ্যাপসা গরমের অস্বস্তি থাকলেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা। সপ্তাহান্তে তাপমাত্রা কমলে আবহাওয়া আরও মনোরম হতে পারে।

