কালীপুজোর আবহে রাজ্যজুড়ে শীতের আমেজ। ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। গত দু’দিন ধরে কলকাতায় ভোর ও রাতের দিকে অনুভূত হচ্ছে হালকা ঠান্ডার শিরশিরানি। অন্যদিকে, বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সোয়েটার ও চাদর গায়ে চাপাতে শুরু করেছেন অনেকে। তবে কি নভেম্বরের শুরুতেই রাজ্যে শীতের আগমন ঘটল? আপাতত তেমনটা মনে করার কারণ নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, শীত আসতে এখনও বেশ কিছুটা দেরি। তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতাও সাময়িক। কালীপুজো মিটতেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল, কালীপুজোয় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার, রোদ ঝলমলে আবহাওয়া বজায় থাকবে। সেই পূর্বাভাস মতোই আপাতত নিম্নমুখী তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ দুই থেকে তিন ডিগ্রি কমে পৌঁছেছে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে এই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। সোমবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
মঙ্গলবার বৃষ্টির পরিধি আরও বাড়বে। রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা। কমবে বৃষ্টির দাপট।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবারের মধ্যে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
সোমবার মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা দমকা হাওয়া বইতে পারে। তবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় দমকা হাওয়াও বইতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, মালদহ এবং দুই দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।

