নতুন বাংলা ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে নতুন জুটি দ্বীপ ও মৌলিনা। Bajrangi Bengal-এর উদ্যোগে আসন্ন বাংলা চলচ্চিত্র ‘তোমাকে হারানোর পর’-এর লুক সেট সম্পন্ন হয়েছে। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিপ্লব রানা। এটি একটি মিউজিক্যাল লাভ ট্র্যাজিক ড্রামা। প্রেম, স্বপ্ন, সাফল্য, ত্যাগ এবং জীবনের কঠিন বাস্তবতাকে আবেগঘন কাহিনির মাধ্যমে তুলে ধরা হবে এই ছবিতে। দ্বীপ ও মৌলিনার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জেরোম, অনিন্দ্য ব্যানার্জী, রানা মিত্র, দোলন রায় এবং নীতিশ কুমার ভট্টাচার্যকে। এ ছাড়াও ছবিতে থাকছেন একাধিক পরিচিত ও নতুন মুখ।
ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে এর সংগীত। সব মিলিয়ে ছবিতে ৬ থেকে ৭টি গান থাকার পরিকল্পনা রয়েছে। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রীতম দেব। গল্পের আবেগ, চরিত্রের অনুভূতি এবং প্রেম-বিচ্ছেদের নানা মুহূর্তকে গানের মাধ্যমে ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন নির্মাতারা। ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হওয়ার কথা। আরামবাগ ও কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে হবে শুটিং।
ছবির আরও একটি বিশেষ দিক, এর গল্প লিখেছেন স্বয়ং নায়ক দ্বীপ। অর্থাৎ অভিনয়ের পাশাপাশি গল্পকার হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। নতুন জুটির রসায়ন, মন ছুঁয়ে যাওয়া গান এবং প্রেমের ট্র্যাজিক পরিণতি—সব মিলিয়ে ‘তোমাকে হারানোর পর’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরির চেষ্টা করছেন নির্মাতারা। এবার বড় পর্দায় এই নতুন জুটির অভিনয় ও ভালোবাসার গল্প কতটা দর্শকের মন জয় করে, সেটাই দেখার।

