কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফেরার পথে আর ট্রেনের চিন্তা করতে হবে না যাত্রীদের! উৎসবের রাতে বাড়তি ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। যাত্রীদের সুবিধার্থে ৮, ৯ ও ১০ নভেম্বরের মধ্যবর্তী রাতে ছ’জোড়া বিশেষ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট ও ব্যারাকপুর শাখায় এই বিশেষ ট্রেনগুলি চলবে। রেলের তরফে জানানো হয়েছে, উৎসবের রাতে যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতেই এই অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা।
রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে রাত ১১টায় ছাড়বে ডানকুনিগামী বিশেষ লোকাল। বারাসতের উদ্দেশে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে রাত ১২টা ৫০ মিনিটে। এ ছাড়াও বারাসত থেকে রাত ১টা ৫০ মিনিটে বনগাঁ এবং রাত ১টা ১০ মিনিটে হাসনাবাদগামী বিশেষ লোকাল চলবে। শিয়ালদহ থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছাড়বে রানাঘাটগামী ট্রেন। অন্য দিকে, ব্যারাকপুর থেকে রাত ১টা ২৫ মিনিটে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে বিশেষ লোকাল।
বাড়ি ফেরার যাত্রীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। ডানকুনি থেকে রাত ১১টা ৫৫ মিনিটে, বারাসত থেকে রাত ১টা ১০ মিনিটে, বনগাঁ থেকে রাত ১১টায়, হাসনাবাদ থেকে রাত ১১টা ৩০ মিনিটে এবং রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে শিয়ালদহগামী বিশেষ লোকাল ছাড়বে। পাশাপাশি শিয়ালদহ থেকে রাত ১২টা ৩০ মিনিটে ব্যারাকপুরের উদ্দেশে ছাড়বে আরও একটি বিশেষ ট্রেন। উল্লেখযোগ্য বিষয়, এই বিশেষ লোকালগুলি প্রতিটি স্টেশনেই থামবে।
কালীপুজোর রাতে যাত্রীসংখ্যা বেড়ে গেলে যাতে পরিষেবা ব্যাহত না হয়, তার জন্য আগাম প্রস্তুতিও রাখছে রেল। শিয়ালদহ উত্তর, রানাঘাট ও বারাসতে চালকদল-সহ একটি করে ট্রেনের রেক প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী ওই রেক ব্যবহার করে অতিরিক্ত ট্রেন চালানো হতে পারে। এদিকে, নৈহাটি স্টেশনে ৮ থেকে ১৩ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে পাঁচ ও ছ’নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চালানো হবে।
অন্যদিকে, ৮ নভেম্বর রবিবার শিয়ালদহ ডিভিশনের সমস্ত শহরতলির ট্রেন কর্মদিবসের সময়সূচি মেনেই চলবে। তবে ওই দিন শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি এসি লোকাল ৩১৮৪৫/৩১৮৪৬-এর পরিবর্তে ৩১৮৪৭/৩১৮৪৮ নম্বর ট্রেন চালানো হবে। সব মিলিয়ে কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেরোনো থেকে শুরু করে বাড়ি ফেরা—যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন ও অতিরিক্ত রেকের ব্যবস্থা করছে পূর্ব রেল।
