খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
দেশ

রক্তের সম্পর্কে বিয়ে হলে সন্তানের জিনগত রোগের ঝুঁকি দ্বিগুণ! সচেতনতা প্রচারে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Arunima karmakar ·

রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হলে ভবিষ্যৎ সন্তানের জন্মগত ও জিনগত রোগের ঝুঁকি বাড়তে পারে। সাধারণ দম্পতিদের ক্ষেত্রে যে ঝুঁকি থাকে, নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হলে তা দ্বিগুণ পর্যন্ত হতে পারে বলে দাবি। এই স্বাস্থ্যঝুঁকি নিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় এবার কেন্দ্রীয় সরকারকে (Central Government) বিশেষ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। রক্তের সম্পর্কে বিয়ের সম্ভাব্য পরিণতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি, এ বিষয়ে আইন সংশোধন করা যায় কি না, তা নিয়েও কেন্দ্রের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে ছিল এই মামলা।

বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটির এক আইনের ছাত্রী এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর বাবা ও মা সম্পর্কে ফার্স্ট কাজিন অর্থাৎ তুতো ভাই-বোন। রেড্ডি সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচলিত প্রথা মেনেই তাঁদের বিয়ে হয়েছিল। তবে এই ধরনের বিয়ের ফলে সন্তানের জিনগত রোগের ঝুঁকি সম্পর্কে তাঁরা অবগত ছিলেন না বলে আবেদনে জানিয়েছেন ওই ছাত্রী।

আবেদনকারীর জন্মের পর তাঁর শরীরে ‘কোন ডিস্ট্রফি’ নামে একটি বংশগত চোখের রোগ ধরা পড়ে। এই রোগের কারণে আলোর প্রতি চোখ অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। পাশাপাশি, চোখের নির্দিষ্ট কিছু কোষের কার্যকারিতা ক্রমশ কমতে থাকে। ফলে রং চিনতে এবং রাস্তা পারাপারের মতো দৈনন্দিন কাজেও সমস্যার মুখে পড়তে হয় তাঁকে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেই ভবিষ্যৎ প্রজন্মকে জিনগত রোগের ঝুঁকি থেকে রক্ষা করার আবেদন জানিয়েছেন ওই ছাত্রী। তবে অতীতে যাঁদের মধ্যে এই ধরনের বিয়ে হয়েছে, তাঁদের বৈবাহিক সম্পর্কে যাতে কোনও সমস্যা তৈরি না হয়, সেই বিষয়টিও আবেদনে স্পষ্ট করেছেন তিনি।

কোন আইনের ধারাকে চ্যালেঞ্জ?

এই মামলায় হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর ৫(iv) এবং ৫(v) ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ৫(iv) ধারায় নিষিদ্ধ সম্পর্কের মধ্যে বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট প্রথাগত ব্যতিক্রমের সুযোগ রয়েছে। অন্যদিকে, ৫(v) ধারায় সপিণ্ড সম্পর্কের মধ্যে বিয়ের ক্ষেত্রেও প্রচলিত প্রথা অনুযায়ী ব্যতিক্রমের ব্যবস্থা রাখা হয়েছে।

আবেদনকারীর দাবি, এই ধরনের ব্যতিক্রমের ফলে নিকট আত্মীয়ের মধ্যে বিয়ের সুযোগ তৈরি হয়। অথচ এমন বিয়ের কারণে সন্তানের জিনগত সমস্যা এবং শারীরিক বিকাশে জটিলতার আশঙ্কা থাকতে পারে। আবেদনকারীর হয়ে আদালতে সওয়াল করেন সিনিয়র আইনজীবী কাদম্বরী সিং। তাঁর বক্তব্য, বিশেষত গ্রামাঞ্চলে এই ধরনের বিয়ের প্রচলন রয়েছে। অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট পরিবারগুলি সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন নয়। তাই সাধারণ মানুষের কাছে বিজ্ঞানসম্মত তথ্য পৌঁছে দেওয়ার জন্য নির্দিষ্ট প্রচারব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

কী বলল সুপ্রিম কোর্ট?

এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেন্দ্রকে লিমিটেড নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ফলে সন্তানের কী ধরনের জিনগত ও জন্মগত স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, তা নিয়ে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেছে আদালত। স্কুল, কলেজ-সহ বিভিন্ন নির্দিষ্ট প্রচারমাধ্যমের সাহায্যে সাধারণ মানুষের কাছে এই বিষয়ে বিজ্ঞানসম্মত তথ্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

পাশাপাশি, হিন্দু বিবাহ আইনের সংশ্লিষ্ট ধারাগুলিতে কোনও পরিবর্তন আনা সম্ভব কি না, সে বিষয়েও কেন্দ্রের মতামত জানতে চেয়েছে আদালত। অর্থাৎ, ব্যক্তিগত ও সামাজিক প্রথার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকেও আইনি পরিসরে গুরুত্ব দিয়ে দেখার বার্তা দিল সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *