রবিবার ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু (Hooghly Setu)। সেতু সংস্কারের কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ টানা ১৬ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সেতু বন্ধ থাকাকালীন বিকল্প কোন পথে গাড়ি চলাচল করবে, তা-ও জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।
পুলিশের নির্দেশিকা অনুযায়ী, এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে যেতে হবে। বিকল্প হিসেবে হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড ধরতে পারবেন চালকরা।
অন্যদিকে, কেপি রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছতে হবে। সিজিআর রোড ধরে খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে হেস্টিংস মোড় থেকে বাঁদিকে ঘুরে একইভাবে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরতে হবে। কেপি রোড থেকে ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট র্যাম্প হয়ে হাওড়া ব্রিজে যেতে হলে রেড রোড ব্যবহার করতে হবে।
হাওড়া ও সাঁতরাগাছির বিভিন্ন এলাকার সঙ্গে কলকাতার সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বিদ্যাসাগর সেতু। পাশাপাশি নবান্নে যাতায়াতের ক্ষেত্রেও এই সেতুর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন কয়েক হাজার ছোট-বড় গাড়ি এই সেতু দিয়ে চলাচল করে।
৮২৩ মিটার দীর্ঘ এই সেতু ভারতের দীর্ঘতম কেবল-স্টেড সেতু। নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় সেতুর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব এবং এক্সপ্যানশন জয়েন্টের মতো একাধিক যন্ত্রাংশের বয়স ২৫ বছর পেরিয়েছে। সেতু বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন যান চলাচলের ফলে সেতুর কাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। সময়মতো সংস্কার না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
এই পরিস্থিতিতে সেতুর রক্ষণাবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেছে এইচআরবিসি। সেতুতে থাকা মোট ১৫০টি স্টে কেবলের মধ্যে প্রাথমিক পর্যায়ে সেগুলি বদলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরেই চলছে সংস্কারের কাজ। আর সেই কাজের জন্য প্রায় প্রতি রবিবারই বন্ধ রাখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। ফলে বারবার যান চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। দিনের পরিবর্তে রাতের দিকে সংস্কারের কাজ করা যায় না কেন, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

