শুক্রবার কলকাতার (Kolkata) ভবানী ভবনে (Bhawani Bhawan) সিআইডি (CID) আধিকারিকদের দীর্ঘক্ষণ জেরার মুখে পড়েছিলেন বীরভূমের (Birbhum) বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। তার রেশ কাটতে না কাটতেই শনিবার জাল ডিসিআর (DCR) মামলায় তদন্তকারীদের মুখোমুখি হতে সিউড়ি থানায় হাজির হলেন তিনি। দুপুর ঠিক ১টা নাগাদ বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চেপে থানায় পৌঁছন টুলু। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ১২টার মধ্যে তাঁকে সশরীরে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর থানায় পৌঁছন তিনি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মঙ্গলবার দেশে ফিরেছিলেন জাল ডিসিআর মামলার মূল অভিযুক্ত টুলু মণ্ডল। এরপর শুক্রবার পাঁচ কোটি টাকা উদ্ধারের একটি পুরনো মামলায় ভবানী ভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলে জেরা। একই দিনে সিউড়ি ও পাঁচামিতে তাঁর পেট্রোল পাম্প এবং ক্রাশার অফিসেও ম্যারাথন তল্লাশি চালান তদন্তকারীরা।
এবার জাল ডিসিআর মামলার তদন্তে টুলুকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। অভিযোগ, বীরভূমের পাথর খাদান ও ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ক্ষেত্রে জাল ডিস্ট্রিক্ট কালেকশন রসিদ (ডিসিআর) ব্যবহার করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এই কারবারের মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে টুলুর বিরুদ্ধে।
তদন্তকারীদের মূল লক্ষ্য, জাল ডিসিআর তৈরির ও ব্যবহারের চক্র কতটা বিস্তৃত, এই কারবারে আর কারা জড়িত এবং এর পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তির মদত রয়েছে কি না, তা খুঁজে বের করা। শুক্রবারের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর শনিবার সিউড়ি থানায় টুলুর হাজিরা ঘিরে তাই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। এবার তাঁর জেরায় তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর।

