কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দফতর পরিদর্শন করল দমকল বিভাগ। ৯ ক্যামাক স্ট্রিটের গোটা ভবন ঘুরে দেখেন দমকলের আধিকারিকেরা। পরিদর্শনের পরে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তৈরি করে জমা দেবে দমকল। সেই রিপোর্টে ভবনে কী কী অগ্নিনির্বাপণ ব্যবস্থা প্রয়োজন, তা উল্লেখ করা হবে।
মঙ্গলবার আগাম নোটিস পাঠিয়ে বৃহস্পতিবার পরিদর্শনের কথা জানানো হয়েছিল দমকলের তরফে। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় সেই নোটিস গ্রহণ করেন। নির্ধারিত সূচি মেনেই এ দিন ভবনে পৌঁছন দমকল আধিকারিকেরা।
৯ ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় রয়েছে অভিষেকের দফতর। কয়েক দিন আগে ওই ভবন থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক-অনুগামীদের হাতাহাতির অভিযোগ ওঠে। সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এক দিন আচমকা ভবনে পরিদর্শনে যায় দমকল। সব তলা ঘুরে দেখার পর ভবনের মালিকপক্ষকে নোটিস পাঠানো হয়। দমকলের অভিযোগ ছিল, অভিষেকের দফতর যে তলায় রয়েছে, সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়। সেই কারণে দ্রুত দফতর খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
দমকলের ওই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তৃণমূলের কালীঘাট শিবির। বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে আদালত নির্দেশ দেয়, দমকল ফের পরিদর্শনে যেতে চাইলে আগাম নোটিস দিতে হবে। সেই নোটিসে পরিদর্শনের নির্দিষ্ট তারিখও উল্লেখ করতে হবে। পরিদর্শনের পর অগ্নিনিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা তৃণমূলকে জানাতে হবে দমকলকে। আদালতের নির্দেশ অনুযায়ী, সেই ব্যবস্থা কার্যকর করতে হবে দলকে। নির্দেশ না মানা হলে আইন মেনে পদক্ষেপ করতে পারবে দমকল। আদালতের সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার এই পরিদর্শন।

