খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

জগদ্ধাত্রী বিসর্জনে কলকাতায় বিশেষ ট্রাফিক বিধি, ডিজে ও বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা

Arunima karmakar ·

চন্দননগরের পাশাপাশি কলকাতাতেও জগদ্ধাত্রী পুজোর প্রতিমা বিসর্জন ও শোভাযাত্রাকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক বিধি জারি করল কলকাতা পুলিশ। আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর শহরের বিভিন্ন রাস্তায় বিসর্জনের শোভাযাত্রা বেরোবে। সেই কারণে একাধিক রাস্তায় যান চলাচল ও শোভাযাত্রার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন বিকেল ৪টে থেকে শোভাযাত্রা শুরু হবে। শহরের কেন্দ্রীয়, উত্তর, দক্ষিণ, বন্দর, পূর্ব, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ ও পূর্ব শহরতলি ডিভিশনের বিভিন্ন রাস্তা শোভাযাত্রার জন্য চিহ্নিত করা হয়েছে।

পুলিশের নির্দেশিকায় শোভাযাত্রার জন্য একাধিক নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। কোনওভাবেই ডিজে, পোর্টেবল মাইক্রোফোন বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের রাস্তার বাঁ দিক দিয়ে এগোতে হবে এবং নির্ধারিত একমুখী যান চলাচলের নিয়ম মানতে হবে। আতশবাজি বা বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি লাঠি, বর্শা, আগ্নেয়াস্ত্র, তলোয়ার কিংবা অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন কোনও সামগ্রী বহন করা যাবে না। উস্কানিমূলক বক্তব্য, প্ররোচনামূলক ভাষণ ও অশালীন মন্তব্যের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি এবং সাধারণ মানুষের যাতায়াত যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণেও কড়া বিধি জারি করেছে কলকাতা পুলিশ। হাসপাতাল, নার্সিংহোম, আদালত, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের মতো নীরব এলাকায় হর্ন বাজানো এবং লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। অনুমোদিত শব্দসীমার মধ্যে সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মাইক ব্যবহারের অনুমতি রয়েছে। রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। শিল্পাঞ্চলে দিনের বেলায় সর্বোচ্চ শব্দসীমা ৭৫ এবং রাতে ৭০ ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় এই সীমা যথাক্রমে ৬৫ ও ৫৫ ডেসিবেল। আবাসিক এলাকায় দিনে ৫৫ এবং রাতে ৪৫ ডেসিবেল শব্দসীমা নির্ধারণ করা হয়েছে। কলকাতা হাই কোর্ট, জাতীয় পরিবেশ আদালত এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকাও মেনে চলতে হবে।

এ ছাড়াও সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চিত্তরঞ্জন অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ এবং ভূপেন বসু অ্যাভিনিউয়ের নির্দিষ্ট অংশ দিয়ে বিসর্জনের শোভাযাত্রা যেতে পারবে না। তবে রাস্তা পারাপারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। শোভাযাত্রার আয়োজকদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার পাশাপাশি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কোনওরকম বিশৃঙ্খলা, জনদুর্ভোগ কিংবা সরকারি সম্পত্তির ক্ষতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *