আরজি কর মেডিক্যাল (RG Kar Medical College) কলেজের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) সাত দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সম্প্রতি এই মামলায় তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। এ বার তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ নভেম্বর।
আরজি করে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পরেই হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। পরে আর্থিক দুর্নীতির তদন্তভার নেয় ইডি। তদন্তকারীদের অভিযোগ, হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে পাঠানো বিপুল পরিমাণ টাকা পরিকল্পিত ভাবে সরিয়ে আত্মসাৎ করা হয়েছে। ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক ইস্যু করা হত। সেই টাকা তুলে নেওয়া অথবা অন্য সহযোগী সংস্থার অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এই মামলায় গত ৪ নভেম্বর সন্দীপকে তলব করেছিল ইডি। তবে তিনি হাজিরা না দিয়ে ১৫ দিন সময় চেয়ে তদন্তকারীদের চিঠি দেন। সেই আবেদন মঞ্জুর না করে ফের নোটিস পাঠানো হয় তাঁকে। পরে ১০ নভেম্বর ইডি দফতরে হাজির হয়ে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। ইতিমধ্যেই এই মামলায় একটি চার্জশিট জমা দিয়েছে ইডি। তাতে সন্দীপের নাম রয়েছে। তদন্তকারীদের দাবি, দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা সম্পূর্ণ টাকা এখনও উদ্ধার হয়নি। নতুন তথ্যের ভিত্তিতেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর প্রায় দু’বছর জেলবন্দি ছিলেন সন্দীপ। কলকাতা হাই কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। পরে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। গত ১৬ অক্টোবর তাঁকে জামিন দেয় শীর্ষ আদালত। তবে জেলে থাকাকালীন এই মামলায় ইডি তাঁকে হেফাজতে নেয়নি বা শোন অ্যারেস্ট দেখায়নি। ফলে জেলমুক্তিতে বাধা ছিল না। এ বার সেই আর্থিক দুর্নীতির মামলাতেই তাঁকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হল ইডি।
এদিকে, সন্দীপকে হেফাজতে নেওয়ার ইডির আবেদনের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মৃতদেহ পাচার থেকে শুরু করে থ্রেট কালচারের অভিযোগেও তাঁর নাম জড়িয়েছে। মন্ত্রীর কথায়, “এ ধরনের ব্যক্তির শ্রীঘরের বাইরে থাকাটা বিপজ্জনক।” তাঁর দাবি, সন্দীপের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সার্বিক তদন্ত হওয়া প্রয়োজন।

