খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

এসএফআইয়ের বুকস্টল ঘিরে ফের রণক্ষেত্র কলেজ স্ট্রিট, পাল্টা স্টলের দাবিতে এবিভিপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Arunima karmakar ·

বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠল কলেজ স্ট্রিট (College Street)। এসএফআইয়ের (SFI) বুকস্টল (BookStall) ঘিরে দফায় দফায় বিক্ষোভে উত্তেজনা ছড়াল এলাকায়। পাল্টা বুকস্টল খোলার দাবিতে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। বিক্ষোভকারীরা বামেদের একাধিক পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। এমনকি রাস্তায় শুয়ে অবরোধ শুরু করেন এবিভিপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তি বাধে। হাতে বই নিয়ে স্লোগান দিতেও দেখা যায় বিক্ষোভকারীদের।

উল্লেখ্য, মঙ্গলবারও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল কলেজ স্ট্রিট। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার ফের নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এসএফআই কর্মীরা। তাঁদের বক্তব্য, মঙ্গলবার বুকস্টল করতে বাধা দেওয়া হলেও বুধবার এবিভিপির বিক্ষোভের সময় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অন্যদিকে, এবিভিপি কর্মীদের অভিযোগ, যে কলেজ স্ট্রিটে স্বামী বিবেকানন্দকে অপমান করা হয়েছে, সেখানেই বুকস্টল করেছে এসএফআই। তাঁদের প্রশ্ন, এসএফআই বুকস্টল করতে পারলে এবিভিপি কেন পারবে না?

এসএফআইয়ের কলকাতা জেলা সভাপতি মহম্মদ হাসিব হোসেন পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, “গতকাল আমাদের বুকস্টল করতে বাধা দিলে রাস্তার উপর বিকল্প পদ্ধতিতে বুকস্টল করেছিলাম। আমাদের আটক, গ্রেফতার করা হয় এবং একাধিক ধারায় মামলা দেওয়া হয়। অথচ আজ এবিভিপি কর্মীরা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখলেও তাঁদের গ্রেফতার করা তো দূরের কথা, পুলিশ কার্যত প্রচ্ছন্ন মদত দিচ্ছে। এই ঘটনা থেকেই স্পষ্ট, পুলিশ বিজেপির বাহিনী হিসেবে কাজ করছে।” স্বামী বিবেকানন্দকে অপমানের অভিযোগ প্রসঙ্গে তাঁর দাবি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ঘটা ওই ঘটনায় কর্তৃপক্ষ দু’জন ছাত্রীকে চিহ্নিত করেছে। তাঁদের সঙ্গে এসএফআইয়ের কোনও সম্পর্ক নেই।

অন্যদিকে, শেষ পর্যন্ত এবিভিপিকেও বুকস্টল করার অনুমতি দেওয়া হয়। সংগঠনের জেলা সমন্বয়ক আদিত্য মণ্ডল জানান, এসএফআইয়ের থেকেও বড় বুকস্টল করবেন তাঁরা। তাঁর কথায়, “বুকস্টল ভাঙার সংস্কৃতি আমাদের নয়। গত ১১ নভেম্বর থেকেই ওই জায়গায় স্টল করার দাবি জানিয়ে আসছি।” তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে এসএফআই কর্মীরা নেশাগ্রস্ত অবস্থায় অশান্তি তৈরি করেছিলেন। আদিত্যর আরও দাবি, এসএফআই যেখানে বুকস্টল করেছে, অতীতে সেই জায়গায় এবং তার পাশেও বুকস্টল করেছে এবিভিপি। ওই জায়গা কোনও একটি সংগঠনের একার নয় বলেও দাবি তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *