ফের বাড়ি ভেঙে বিপর্যয় দিল্লিতে (Delhi)। মঙ্গলবার সকালে দক্ষিণ দিল্লির সাহাদারার কস্তুরবা নগরে একটি পুরনো দোতলা বাড়ির ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (House Collapase)। এই ঘটনায় এক শিশু-সহ অন্তত দু’জনের মৃত্যু (Death) হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও আট জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। শুরু হয়েছে উদ্ধারকাজ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বিবেক বিহার থানা এলাকার ওই বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। আচমকা ছাদের একাংশ ভেঙে পড়ায় বাড়ির ভিতরে থাকা বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। উদ্ধারকারীরা ইতিমধ্যেই কয়েক জনকে উদ্ধার করেছেন। তাঁদের মধ্যে বছর তিনেকের এক শিশু এবং পিন্টু নামে ৩৫ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান পঙ্কজ লুথরা। তাঁর দাবি, বাড়িটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরনো। বাড়ির ভিত দুর্বল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। বাড়িটি রেলের জমি দখল করে বেআইনি ভাবে তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই দিল্লির চাওড়ি বাজার এলাকায় একটি নির্মীয়মাণ তিনতলা বাড়ি ভেঙে তিন জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাড়ি ভেঙে প্রাণহানির ঘটনায় রাজধানীতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

