
বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে শেখর দাশ পরিচালিত ‘পাগলা ঘোড়া’ (Wild Horse) এবারের ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI), গোয়ায় Indian Panorama – Selected Feature Films বিভাগে নির্বাচিত হয়েছে।
পরিচালক শেখর দাশের কথায় “বাংলা চলচ্চিত্রের জন্য এই নির্বাচন নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। বিশেষ তাৎপর্যের বিষয়, ছবিটি এই বিভাগে একমাত্র নির্বাচিত বাংলা চলচ্চিত্র। বাদল সরকারের জন্মশতবর্ষের প্রেক্ষাপটে তাঁর কালজয়ী সৃষ্টিকে এই জাতীয় স্বীকৃতি এক বিশেষ মর্যাদা দিল।
এই ছবির নির্বাচন বাংলা চলচ্চিত্রের পাশাপাশি ভারতীয় থিয়েটারের ঐতিহ্যের কাছেও এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বাদল সরকারের নাট্যভাবনাকে সিনেমার ভাষায় মর্যাদার সঙ্গে তুলে ধরার এই প্রয়াস ছবিটির অন্যতম বিশেষত্ব।”
প্রযোজক ড. প্রবীর ভৌমিক বলেন, “ইন্ডিয়ান প্যানোরামায় একমাত্র বাংলা ছবি হিসেবে ‘পাগলা ঘোড়া’র নির্বাচিত হওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের। বাদল সরকারের কালজয়ী সৃষ্টিকে এই স্বীকৃতি দেওয়ার জন্য জুরিদের ধন্যবাদ। পরিচালক শেখর দাশ, এক্সিকিউটিভ প্রোডিউসার বিপাশা ঘোষাল এবং ছবির প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টারই এই স্বীকৃতি।”
এক্সিকিউটিভ প্রোডিউসার বিপাশা ঘোষাল-এর কথায়, “শেখর দাশ ও ড. প্রবীর ভৌমিকের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করতে পেরে আমি আনন্দিত। এই ছবির নির্মাণ ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং। IFFI-র এই নির্বাচন আমাদের সম্মিলিত বিশ্বাস, নিষ্ঠা ও পরিশ্রমকে সার্থকতা দিল।”
গার্গী রায়চৌধুরী বলেন, “বাদল সরকারের নাটকের মূল ভাবনাকে অক্ষুণ্ণ রেখে শেখর দাশ যেভাবে ছবিটি নির্মাণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এই জাতীয় স্বীকৃতি আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের।”
রজতাভ দত্ত-র বক্তব্য, “বাংলার একমাত্র নির্বাচিত ছবি হিসেবে ‘পাগলা ঘোড়া’র এই সম্মান আমাদের কাছে অত্যন্ত গর্বের। বাদল সরকারের জন্মশতবর্ষে তাঁর সৃষ্টির এই স্বীকৃতি আরও তাৎপর্যপূর্ণ। সমগ্র টিমকে অভিনন্দন এবং জুরিদের আন্তরিক ধন্যবাদ।”
ঋতব্রত মুখোপাধ্যায় জানান, “এই ছবির অংশ হতে পেরে এবং IFFI-র মতো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে ছবিটির নির্বাচনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এর ফলে দেশের বিশিষ্ট চলচ্চিত্রপ্রেমী ও আন্তর্জাতিক দর্শকদের কাছে ছবিটি পৌঁছনোর সুযোগ তৈরি হল।”
সুজন নীল মুখোপাধ্যায়-এর কথায়, “এই নির্বাচন গোটা বাংলা চলচ্চিত্র জগতের কাছে গর্বের। শেখর দাশ যেভাবে নাটকের ভাষা থেকে সিনেমার ভাষায় বাদল সরকারের সৃষ্টিকে রূপান্তরিত করেছেন, তা বিরল। ছবিটি আসলে এক গভীর মানবিক দলিল।”
‘পাগলা ঘোড়া’ শুধুমাত্র একটি চলচ্চিত্রের উৎসব-স্বীকৃতি নয়, বরং বাদল সরকারের নাট্যদর্শন, বাংলা সংস্কৃতি এবং বাংলা চলচ্চিত্রের সৃজনশীল শক্তির জাতীয় মঞ্চে পৌঁছে যাওয়ার এক উল্লেখযোগ্য মুহূর্ত।
