রাজ্য উৎসবের স্বীকৃতি পেয়েছে চন্দননগরের (Chandannagar) ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো (Jagadhrati Puja)। স্বাভাবিকভাবেই এবছর উৎসব ঘিরে প্রত্যাশা ও উন্মাদনা অনেকটাই বেশি। আয়োজনের জন্য রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ৫ কোটি টাকা। তবে উৎসবের জৌলুসের পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় পুজো কমিটি। দুর্গাপুজোয় (Durga Puja) চোরবাগানের (Chorbagan) ঘটনার পর এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় একাধিক নতুন বিধিনিষেধ চালু করা হচ্ছে। দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে শোভাযাত্রা ও প্রতিমা নিরঞ্জন—সব ক্ষেত্রেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এবার কোনও পুজো মণ্ডপেই থাকছে না ভিআইপি প্রবেশের ব্যবস্থা। পাশাপাশি ডিজে বাজানো এবং আতশবাজি পোড়ানোর উপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা ও চোখধাঁধানো আলোকসজ্জা। এই উৎসব দেখতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ ভিড় করেন। রাজ্য উৎসবের স্বীকৃতি পাওয়ার পর দর্শনার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পুজো কমিটি। সেই কথা মাথায় রেখে শোভাযাত্রা পরিচালনার জন্য এবার পাঁচটি নতুন সেক্টর তৈরি করা হয়েছে। আগে ২০টি সেক্টর থাকলেও এবার তা বেড়ে হয়েছে ২৫। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ইনচার্জ। তাঁদের সঙ্গে থাকবেন ১৭৫ জন স্বেচ্ছাসেবক। সব মিলিয়ে শোভাযাত্রা পরিচালনার দায়িত্বে থাকবেন প্রায় ২০০ জন।
নিরাপত্তার স্বার্থে প্রতিমা নিরঞ্জনের ঘাটও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চন্দননগর থানার অধীনে আটটি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ছ’টি ঘাটে বিসর্জনের ব্যবস্থা থাকবে। এই নির্দিষ্ট ঘাটগুলি ছাড়া অন্য কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না। প্রতিটি পুজো মণ্ডপের ভিতরে প্রতিমার দিকে নজর রেখে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে। কোনও পুজো কমিটি ভিআইপি গেট বা পাস রাখতে পারবে না। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাউন্ড ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি মানতে হবে। ডিজে সাউন্ডের উপর থাকছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।
শোভাযাত্রা ও নিরঞ্জনের সময় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পুজো কমিটিকে প্রতিমা বহনকারী গাড়িতে দুটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখতে হবে। শুধু শোভাযাত্রা বা নিরঞ্জন নয়, পুজোর উদ্বোধন ও পুজোর দিনেও আতশবাজি পোড়ানো বা ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এবছরের শোভাযাত্রার পরিকল্পনা ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেন কেন্দ্রীয় পুজো কমিটির সদস্যরা। কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানান, আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে শোভাযাত্রা ও নিরঞ্জন পর্ব। এবছর মোট ৬৮টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। এর মধ্যে চন্দননগর থানার আওতায় ৫৬টি এবং ভদ্রেশ্বর থানার আওতায় ১২টি পুজো কমিটি রয়েছে। শোভাযাত্রায় মোট ২৪৫টি লরি অংশ নেওয়ার কথা। তার মধ্যে চন্দননগর থানার অধীনে ২০১টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ৪৪টি লরি থাকবে।
এদিকে জগদ্ধাত্রী পুজো রাজ্য উৎসবের মর্যাদা পাওয়ায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেন্দ্রীয় পুজো কমিটির প্রধান উপদেষ্টা তথা চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তাঁর বক্তব্য, চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে ‘স্টেট ফেস্টিভ্যাল’-এর স্বীকৃতি দেওয়ায় তাঁরা কৃতজ্ঞ।
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর শুক্রবার চন্দননগরের প্রাচীনতম আদি মায়ের পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্বোধন উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সের আদলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেও জানা গিয়েছে। রাজ্য উৎসবের স্বীকৃতির পর প্রথম বছরেই ঐতিহ্য ও উৎসবের জৌলুস বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করাই এখন আয়োজকদের প্রধান লক্ষ্য।

