শীতের শুরুতেই ফের ভয়াবহ বায়ুদূষণের (Air Pollution) কবলে রাজধানী দিল্লি (Delhi)। ধোঁয়াশায় ঢেকেছে শহরের আকাশ। শুক্রবার রাজধানীর একাধিক এলাকায় বাতাসের গুণমান সূচক (AQI Index) ৪০০ পার করেছে। কোথাও কোথাও দূষণের মাত্রা পৌঁছেছে সংকটজনক পর্যায়ে। নভেম্বরের মাঝামাঝি সময়েই পরিস্থিতির এমন অবনতিতে উদ্বেগ বাড়ছে পরিবেশবিদ ও সাধারণ মানুষের মধ্যে। কারণ, শীতের আরও দু’টি গুরুত্বপূর্ণ মাস ডিসেম্বর ও জানুয়ারি এখনও বাকি। ফলে আগামী দিনে দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
দীপাবলির সময় দিল্লির একাধিক এলাকায় একিউআই ৩ হাজার ছাড়িয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। দূষণের বিরুদ্ধে সরব হয়েছিলেন সাধারণ মানুষও। সমাজমাধ্যমে প্রতিবাদ জানান বহু নেটপ্রভাবী। কিন্তু এত কিছুর পরেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। দূষিত বাতাস থেকে বাঁচতে এখনও মাস্ক পরে রাস্তায় বেরোতে বাধ্য হচ্ছেন দিল্লিবাসী।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, শুক্রবার আইটিও এলাকায় একিউআই পৌঁছেছে ৪৫৫-এ। এইমস সংলগ্ন এলাকায় এই সূচক ৪১৭ থেকে ৪১৮-এর মধ্যে। অর্থাৎ, দুই এলাকাতেই বাতাসের গুণমান ‘ভয়াবহ’ পর্যায়ে। অন্য দিকে, দ্বারকা এক্সপ্রেসওয়ে এলাকায় একিউআই ৩৬৯ এবং জওহরলাল নেহরু স্টেডিয়ামের আশপাশে ৩৭৪। এই এলাকাগুলিতে বাতাসের গুণমান ‘খুব খারাপ’ পর্যায়ে রয়েছে।
একিউআইয়ের মাপকাঠি অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে সূচক থাকলে বাতাসের গুণমান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’ এবং ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’। অন্য দিকে, ৪০১ থেকে ৫০০-এর মধ্যে সূচক থাকলে তাকে ‘ভয়াবহ’ বা ‘সংকটজনক’ হিসেবে চিহ্নিত করা হয়।
দূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে নিয়মিত জল ছড়ানো-সহ একাধিক পদক্ষেপ করা হচ্ছে। কিন্তু তাতেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না। নভেম্বরের ১৩ তারিখেই যদি দূষণের মাত্রা এমন বিপজ্জনক জায়গায় পৌঁছয়, তা হলে ডিসেম্বর ও জানুয়ারিতে পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়েই এখন আশঙ্কায় পরিবেশবিদরা।

