দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (Bay of Bengal) নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘিরে নজর রাখছে মৌসম ভবন (Weather Office)। আগামী শুক্রবার ওই এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে নিম্নচাপটি (Low Pressure)। তবে পরবর্তী সময়ে তার গতিপথ কী হবে, কতটা শক্তি সঞ্চয় করবে এবং বাংলার আবহাওয়ায় সরাসরি কোনও প্রভাব পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, সাগর থেকে আসা জলীয় বাষ্প শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।
নিম্নচাপের গতিবিধি নিয়ে নজর
ভারতের ইনস্যাট-থ্রিডিএস উপগ্রহের ইনফ্রারেড ছবিতে দক্ষিণ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে ঘন মেঘের উপস্থিতি ধরা পড়েছে। ভারতীয় উপমহাদেশের পূর্ব দিক ঘেঁষেও রয়েছে মেঘের বড় বলয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হতে পারে। এরপর তার গতিপথ ও শক্তির পরিবর্তন কী হবে, তা নিয়ে এখনও নিশ্চিত কোনও পূর্বাভাস নেই। নিম্নচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, সে বিষয়েও কিছু জানায়নি মৌসম ভবন। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আকভান’। নামটি দিয়েছে ইরান।
সপ্তাহান্তে নামবে পারদ, বাড়বে শীতের আমেজ
নিম্নচাপের সম্ভাবনার মধ্যেই রাজ্যে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার ও সোমবারের মধ্যে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষত পশ্চিমাঞ্চলে, ভোর ও গভীর রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমে বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া ফেরার পূর্বাভাস রয়েছে। সোমবারের মধ্যে উত্তরবঙ্গের পার্বত্য ও সমতলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে পাহাড় থেকে সমতল, সর্বত্রই শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতাতেও সকালের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে। সপ্তাহান্তে শহরের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে আবহাওয়া আরও মনোরম হয়ে উঠতে পারে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পূর্বাভাস।

