অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তা জেড প্লাস (Z+) থেকে কমিয়ে এক্স (X) ক্যাটেগরিতে নামিয়ে আনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার এই মামলার দীর্ঘ শুনানি শেষে রায়দান স্থগিত রাখল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। শুনানিতে রাজ্যের নিরাপত্তা পর্যালোচনা প্রক্রিয়া এবং নিরাপত্তা কমানোর পর অভিষেক ও তাঁর পরিবারের উপর একাধিক হামলার অভিযোগ নিয়ে রাজ্যের ভূমিকা সম্পর্কে একের পর এক প্রশ্ন তোলেন বিচারপতি।
শুনানির শুরুতেই বিচারপতি কৃষ্ণা রাও মামলার মূল বিষয়টি জানতে চান। জবাবে অভিষেকের আইনজীবী জানান, গত ৯ মে রাজ্যে নতুন সরকার শপথ নেওয়ার পরের দিন, অর্থাৎ ১০ মে তাঁর মক্কেলের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়। আইনজীবীর দাবি, ২০১৩ সাল থেকে হুমকির আশঙ্কায় জেড প্লাস নিরাপত্তা পেয়ে আসছিলেন অভিষেক। কিন্তু কোনও নিরাপত্তা পর্যালোচনা কমিটি গঠন না করেই এবং নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে অন্তর্বর্তী ব্যবস্থার নামে তাঁর নিরাপত্তা সর্বোচ্চ স্তর থেকে একেবারে কমিয়ে দেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে এই সিদ্ধান্তের সরাসরি যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি, নিরাপত্তা কমানোর পর থেকে অভিষেক ও তাঁর পরিবারের উপর অন্তত ছ’বার হামলার ঘটনা ঘটেছে বলে আদালতে দাবি করা হয়।
এর পরেই রাজ্যের কাছে তিনটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর জানতে চায় আদালত। রাজ্যের জমা দেওয়া নথি খতিয়ে দেখে বিচারপতি জানতে চান, নথি অনুযায়ী ১২ মে নিরাপত্তা কমানোর সুপারিশ করা হয়েছিল এবং ২৯ মে নিরাপত্তা পর্যালোচনা হয়েছে। তাহলে ঠিক কোন তারিখে নিরাপত্তা কমানো হয়েছিল? জবাবে রাজ্যের আইনজীবী জানান, ১২ মে-ই নিরাপত্তা কমানো হয়। পুজোর ছুটির মধ্যে মামলাকারী ফের আবেদন জানানোর পর সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্তৃপক্ষ নতুন করে নিরাপত্তা পর্যালোচনা করে। রাজ্যের দাবি, নিয়ম অনুযায়ী প্রতি ছ’মাস অন্তর নিরাপত্তা পর্যালোচনা করা হয়। অভিষেকের ক্ষেত্রে ২০২৪ সালে শেষ পর্যালোচনা হয়েছিল।
তবে রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি আদালত। বিচারপতি জানতে চান, মে মাসের পর যে হামলার ঘটনাগুলি ঘটেছে এবং নির্দিষ্ট তারিখ উল্লেখ করে মামলাকারী নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছেন, সেই বিষয়গুলি বিবেচনা করে রাজ্যের কাছে কী রিপোর্ট রয়েছে? তাঁর কোনও নিরাপত্তাজনিত হুমকি নেই বলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সপক্ষে মূল রিপোর্ট কোথায়, তা-ও জানতে চায় আদালত। জবাবে রাজ্যের আইনজীবী জানান, জেড প্লাস নিরাপত্তা সাধারণত মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের মতো নির্দিষ্ট পদাধিকারীদের দেওয়া হয়। কলকাতা পুলিশের কাছ থেকে কোনও নির্দিষ্ট হুমকির রিপোর্ট না পাওয়ায় অভিষেককে এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
শুনানির শেষ পর্যায়ে রাজ্যের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি কৃষ্ণা রাও। তাঁর প্রশ্ন, ১২ মে নতুন সরকার ক্ষমতায় আসার পরই কেন নিরাপত্তা কমিয়ে দেওয়া হল? তার পরেও একের পর এক হামলার যে অভিযোগ উঠেছে, তা রাজ্যও অস্বীকার করছে না। তাহলে সেই ঘটনাগুলি কেন নিরাপত্তা পর্যালোচনার ক্ষেত্রে বিবেচনায় রাখা হচ্ছে না? বিচারপতির পর্যবেক্ষণ, নিরাপত্তা প্রত্যাহার বা কমিয়ে দেওয়ার পর পরিস্থিতির কী পরিবর্তন হয়েছে, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। সংশ্লিষ্ট ব্যক্তি নিরাপত্তা পাওয়ার যোগ্য হলে, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। দু’পক্ষের বক্তব্য শোনার পর মামলার রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাই কোর্ট।

