কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে বিজেপির নেতা-কর্মীদেরই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানালেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষণার পর বুধবার এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়ে দেন, বিজেপি (BJP) নিজেদের দলের লোকজনকেই কো-অর্ডিনেটর (Co-ordinator) করবে। আর এই সিদ্ধান্তকে ঘিরেই পুরভোটের (KMC Election) সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজেও নতুন করে তৎপরতা শুরু হয়েছে পদ্ম শিবিরে (BJP)। দলীয় সূত্রে খবর, বিভিন্ন ওয়ার্ডে যাঁদের প্রার্থী করার কথা ভাবা হচ্ছে, আপাতত তাঁদেরই কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ঘিরে আইনি জটিলতার কারণে আপাতত অনিশ্চিত পুরভোট। ডিলিমিটেশনের মাধ্যমে কলকাতায় ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। সিঙ্গল বেঞ্চে স্বস্তি না পেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা। সেখানে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় পদ্ধতিগত ত্রুটির অভিযোগ ওঠে। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচন করা যাবে না। ফলে কার্যত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় পুরভোট। এই পরিস্থিতিতে বিজেপির অন্দরেও প্রশ্ন উঠেছিল, নির্বাচনই যদি না হয়, তা হলে এখনই প্রার্থী বাছাই করে কী লাভ?
তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। শীর্ষ আদালত পুরভোটে আপত্তি জানালে ৩০ নভেম্বরের পর কলকাতার ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। সেই দায়িত্বে বিজেপির নেতা-কর্মীদেরই বসানোর পরিকল্পনা রয়েছে দলের। বুধবার এই সিদ্ধান্তে সায় দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “আমি তো আর সিপিএম পার্টি অফিস থেকে লোক ধরে এনে কো-অর্ডিনেটর করব না। অথবা তৃণমূলের কোনও চিহ্নিত দুর্নীতিগ্রস্তকেও কো-অর্ডিনেটর পদে বসাব না। আমরা তো চাই, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের প্রার্থীরা জিতে আসুন। কিছু মানুষ যদি এতে বাধা সৃষ্টি করে, আমাদের কী করার আছে?”
শমীকের আরও বক্তব্য, যাঁরা ভোট লুট করে কাউন্সিলর হয়েছিলেন, তাঁদের কো-অর্ডিনেটর করা সম্ভব নয়। তাই দলের স্থানীয় নেতা-কর্মীদেরই এই দায়িত্ব দেওয়া হবে। যদিও বিজেপিও এমন পরিস্থিতি চায় না বলে দাবি তাঁর। শমীকের কথায়, কলকাতার মানুষকে পুর পরিষেবা দিতে হবে। নির্বাচিত কাউন্সিলর না থাকলে সাধারণ মানুষ তাঁদের অভাব-অভিযোগ জানাবেন কোথায়? তাই আদালত দ্রুত রায় পুনর্বিবেচনা করে সমস্যার সমাধান করবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।
এদিকে, কলকাতা পুরভোটের দায়িত্ব বিজেপির তরফে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তাঁর বক্তব্য, দ্রুত নির্বাচন হোক এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাই পুরসভা পরিচালনা করুন, এটাই দলের দাবি। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের কাছেও আবেদন জানিয়েছেন তিনি। তবে ততদিন তৃণমূলের ‘চোর কাউন্সিলরদের’ হাতে ওয়ার্ডের দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন সুকান্ত। তাঁর দাবি, বিরোধীরা আদালতের দ্বারস্থ না হলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে পুরবোর্ড গঠন করা সম্ভব হত।

