দিল্লি-এনসিআর (Delhi-NCR) এলাকায় ফের বাড়ছে মাদার ডেয়ারির (Mother Diary) দুধের (Milk) দাম। বৃহস্পতিবার থেকেই সংস্থার সমস্ত ধরনের দুধের দাম লিটার প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। সংবাদসংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, স্থানীয় দুধ বিক্রেতাদের কাছ থেকে দুধ কেনার খরচ সম্প্রতি বেড়েছে। সেই কারণেই দুধের খুচরো দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মাদার ডেয়ারির আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
চলতি বছরের ১৪ মে শেষ বার দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। তার আগে ২০২৫ সালেও দাম সংশোধন করা হয়েছিল। এ বার সবচেয়ে বেশি দাম বাড়ছে ফুল ক্রিম দুধের। প্রতি লিটারে ৭২ টাকার পরিবর্তে এবার থেকে ৭৬ টাকা দিতে হবে। অন্য দিকে, বেশি পরিমাণে কিনলে টোন্ড দুধের দাম লিটার প্রতি ৫৮ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬০ টাকা। অল্প পরিমাণে কিনলে ৬০ টাকার বদলে দাম পড়বে ৬২ টাকা। ডবল টোন্ড দুধের দামও ৫৪ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৬ টাকা প্রতি লিটার।
শুধু দিল্লি-এনসিআর নয়, কর্নাটকেও সম্প্রতি বেড়েছে দুধের দাম। গত ১ নভেম্বর থেকে রাজ্যের প্রধান দুধ সরবরাহকারী সংস্থা নন্দিনির দুধের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। কর্নাটক সরকারের দাবি, তীব্র খরার জেরে স্থানীয় দুধ উৎপাদক ও বিক্রেতারা সমস্যার মুখে পড়েছেন। তাঁদের আর্থিক সুরাহা দিতেই এই সিদ্ধান্ত। রাজ্যের কোঅপারেশন মন্ত্রী লক্ষণ সওয়াদির বক্তব্য, দাম না বাড়ালে স্থানীয় দুধ বিক্রেতারা অন্য রাজ্যে দুধ রফতানি করতে বাধ্য হতেন। তাতে কর্নাটকে দুধের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা ছিল। সেই পরিস্থিতি এড়াতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

