শেষ পর্যন্ত জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রেখেই টালা (Tala) ট্যাঙ্কের ফেটে যাওয়া পাইপলাইন মেরামতির সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। গত তিন দিন ধরে চেষ্টা করেও মেরামতির কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই এবার জল সরবরাহ বন্ধ রেখেই মেরামতির কাজ সম্পন্ন করতে চাইছে পুরসভার জল সরবরাহ বিভাগ।
গত সোমবার টালা ট্যাঙ্ক থেকে জল সরবরাহকারী একটি পাইপলাইনে ফাটল দেখা দেয়। এর জেরে উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতার একাংশে জল সরবরাহ কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। পাইপ ফেটে বেরিয়ে আসা জলে টালা ট্যাঙ্ক সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যায়। এমনকি, ফেটে যাওয়া পাইপলাইনটি কলকাতা স্টেশনের রেললাইনের নীচ দিয়ে যাওয়ায় স্টেশন চত্বর এবং রেললাইনেও জল জমে যায়। এর ফলে বুধবারও ব্যাহত হচ্ছে চক্র রেল পরিষেবা।
পুরসভার তরফে জানানো হয়েছে, পাইপলাইন মেরামতির জন্য বুধবার বেলগাছিয়া, তারাশঙ্কর সরণি এবং সংলগ্ন এলাকাগুলিতে সাময়িকভাবে জল সরবরাহ বন্ধ রাখা হবে। মেরামতির কাজ শেষ হওয়ার পর ৬ থেকে ৭ ঘণ্টার মধ্যে স্বাভাবিক জল সরবরাহ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে পুরসভা। তবে কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টালা ট্যাঙ্কের উপর নির্ভরশীল সমস্ত এলাকাতেই জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
জল সরবরাহ নিয়ে কোনও সমস্যা হলে বাসিন্দাদের যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে কলকাতা পুরসভা। নম্বরগুলি হল ০৩৩-২২৮৬-১২১২, ১৩১৩ এবং ১৪১৪। এ ছাড়াও ৯৮৩০৩২৪৩৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। পুরসভার তরফে জানানো হয়েছে, হেল্পলাইনে ফোন করলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি, পরিস্থিতির কথা মাথায় রেখে বাসিন্দাদের আগাম পর্যাপ্ত পানীয় জল মজুত রাখার পরামর্শ দিয়েছে পুর কর্তৃপক্ষ।

