বরাহনগরের (Baranagar) একটি বহুতল আবাসনের তালাবন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২৬ বছর বয়সি এক তরুণীর দেহ (Death)। মঙ্গলবার গভীর রাতে বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকার পাঁচতলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতার নাম অঞ্জলি সাউ। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে বলে পুলিশ (Police) সূত্রে খবর। ফলে এই মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। প্রাথমিক ভাবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে গত চার বছর ধরে অঞ্জলির দিদি ও জামাইবাবু থাকতেন। তবে বর্তমানে ব্যবসায়িক কারণে তাঁরা হুগলির শ্রীরামপুরে বসবাস করছেন। ফলে ফ্ল্যাটটি বেশির ভাগ সময়ই ফাঁকা থাকত। গত সোমবার নিরাপত্তার কারণে ফ্ল্যাটের মূল চাবি স্থানীয় প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান অঞ্জলির জামাইবাবু।
লতিকা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তাঁর কাছ থেকে চাবি নিয়ে ফ্ল্যাটে ঢোকেন অঞ্জলি। এর পর বিকেলে অঞ্জলির দিদি বারবার ফোন করলেও কোনও সাড়া পাননি। উদ্বিগ্ন হয়ে তিনি প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজায় গিয়ে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও উত্তর মেলেনি। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় বরাহনগর থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। দরজা ভেঙে ভিতরে ঢুকে অঞ্জলির নিথর দেহ উদ্ধার করেন তদন্তকারীরা। রাতেই দেহটি ময়নাতদন্তের জন্য বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ। মৃত্যুর নেপথ্যে খুনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। আবাসন এবং সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করছেন তদন্তকারীরা। তরুণীর শরীরে আঘাতের চিহ্ন কীভাবে এল, মৃত্যুর প্রকৃত কারণই বা কী, তা জানতে এখন ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

