খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 6, 2026
নজরে এখন ✦কালীপুজোয় বাড়তি মেট্রো পরিষেবা! ব্লু ও গ্রিন লাইনে চলবে অতিরিক্ত ট্রেন, রাত ১১টা পর্যন্ত মিলবে মেট্রো · নির্বাচন কমিশনের অন্দরে ক্ষমতার ভারসাম্য ফেরানোর চেষ্টা! সীমা খন্নার উপর ফিরল ডেপুটি ইলেকশন কমিশনারের নজরদারি, নতুন নির্দেশিকা জ্ঞানেশ কুমারের · ৩৭টি অভিযোগের পর নতুন এফআইআর আটকাতে হাই কোর্টে আবেদন, তবুও রক্ষাকবচ পেলেন না ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডল! খারিজ আর্জি
কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! কাঠগড়ায় বিজ্ঞান বিভাগের শিক্ষাকর্মী, তদন্তে আইসিসি

Arunima karmakar ·

শিক্ষাঙ্গনে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষাকর্মীর দিকে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ওই শিক্ষাকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন এক ছাত্রী। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি-কে।

অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যায় কয়েকজন পড়ুয়া মিলে বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের চারতলায় বসেছিলেন। সেই সময় সেখানে উপস্থিত হয়ে তাঁদের জায়গাটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন অভিযুক্ত শিক্ষাকর্মী। এরপর অন্য পড়ুয়ারা নিচে নেমে গেলেও ওই ছাত্রী আরও উপরের তলায় চলে যান। অভিযোগ, কিছুক্ষণ পর অভিযুক্ত শিক্ষাকর্মী সেখানে গিয়ে তাঁকে নিচে নামিয়ে আনেন। আর সেই সময়ই তাঁর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে সমস্ত বিষয়টি জানান ওই ছাত্রী। অভিযোগপত্রে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্তের জন্য আইসিসি-র কাছে পাঠিয়েছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ওই ছাত্রীকে পুলিশে অভিযোগ দায়ের করা কিংবা অভ্যন্তরীণ অভিযোগ কমিটির দ্বারস্থ হওয়ার বিকল্প দেওয়া হয়েছিল। তবে আপাতত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থার মাধ্যমেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উপাচার্যের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অন্য অভিযোগের ক্ষেত্রে যে নিয়ম মেনে তদন্ত করা হয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগেও একাধিকবার ছাত্রীদের শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। প্রতিবারই অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন এই অভিযোগ ঘিরে ফের একবার শিক্ষাঙ্গনে নারী নিরাপত্তা এবং পড়ুয়াদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *