খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

নিষেধাজ্ঞা উড়িয়ে কালীপুজোয় বাজির দাপট, কলকাতায় গ্রেফতার ৩২৭, ট্র্যাফিক আইন ভেঙে ধৃত আরও ৮৯০

Arunima karmakar ·

নির্দেশিকা জারি করে বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছিল প্রশাসন। কিন্তু তাতেও নিষিদ্ধ বাজির (Fire) দাপট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেল না। কালীপুজোর (Kali Puja) রাতে কলকাতার (Kolkata) বিভিন্ন প্রান্তে নিষেধাজ্ঞা অমান্য করে ফাটানো হল নিষিদ্ধ বাজি। পাশাপাশি চলল পুলিশের (Kolkata Police) ধরপাকড়। উদ্ধার হল নিষিদ্ধ বাজি ও বেআইনি মদ। তবে গত বছরের তুলনায় এ বার গ্রেফতারির (Arrest) সংখ্যা এবং বাজেয়াপ্ত সামগ্রীর পরিমাণ অনেকটাই কম। পুজোর পরের দিন, সোমবারও শহরের বিভিন্ন এলাকায় বাজির দাপট অব্যাহত ছিল।

নিষিদ্ধ বাজি ফাটানো এবং অভব্য আচরণের অভিযোগে সোমবার মোট ৩২৭ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। অন্য দিকে, ট্র্যাফিক আইন অমান্য করার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন আরও ৮৯০ জন।

লালবাজারের পরিসংখ্যান অনুযায়ী, নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভব্য ও বিশৃঙ্খল আচরণের দায়ে গ্রেফতার হয়েছেন ২৫৩ জন। পুলিশের অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে মোট ১০৫.১ কেজি নিষিদ্ধ বাজি এবং ৪৬.০৭৫ লিটার চোলাই ও বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

উৎসবের মরসুমে বেপরোয়া যান চলাচল এবং ট্র্যাফিক আইন ভাঙার প্রবণতা রুখতেও সক্রিয় ছিল কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ। সোমবার পথবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ৮৯০টি মামলা করা হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ৩৭৯ জন চালক এবং পিছনে হেলমেট ছাড়া বসার জন্য ১৫৬ জন আরোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়াও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে ১১৬ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে ১০০ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। অন্যান্য ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ১৩৯টি মামলা দায়ের করেছে পুলিশ। অর্থাৎ, বাজি নিয়ন্ত্রণের পাশাপাশি উৎসবের মরসুমে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতেও ধরপাকড় চালিয়েছে লালবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *