গড়িয়ার (Garia) ফর্তাবাদে লিভ-ইন পার্টনারকে (Livein Partner) খুনের (Murder) অভিযোগে ধৃত (Accused) তরুণী ও তাঁর মাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ (Police)। মঙ্গলবার সকালে অভিযুক্ত সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে ফর্তাবাদের সেই ভাড়া ফ্ল্যাটে নিয়ে যান তদন্তকারীরা। ঘটনাস্থলে পৌঁছোয় ফরেন্সিক দলের সদস্যরাও। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। খুনের রাতে ঠিক কী ঘটেছিল, তা জানতেই এই পুনর্নির্মাণের উদ্যোগ পুলিশের।
উল্লেখ্য, ফর্তাবাদের একটি ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৫ বছর বয়সি সার্থক সরকারের দেহ। বারাসতের বাসিন্দা সার্থক সঞ্চালিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, শনিবার রাতে দু’জনের মধ্যে বচসা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন তরুণী। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় সঞ্চালিকা ও তাঁর মা মৌমিতাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে খুনের নেপথ্যে প্রকৃত কারণ কী, ঘটনার সময় তরুণীর মায়ের ভূমিকা কতটা ছিল, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ করে সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফরেন্সিক নমুনা ও পরীক্ষার রিপোর্টও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

