খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 20, 2026
নজরে এখন ✦Spotlight For You & Velora Events Present ‘TOP OF THE TOWN’ Featuring Splitsvilla Fame Addy Jain in Kolkata : Artist Exclusively Managed by Ocean Cliff Entertainment · শেষ মুহূর্তে স্থগিত ভোটার তালিকা সংশোধনের কাজ, ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া তালিকা, পিছল SSR কর্মসূচি · ট্রেন বা স্টেশনে মোবাইলে জোরে গান-ভিডিয়ো চালালেই শাস্তি, ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানার নির্দেশ পূর্ব রেলের
কলকাতা

কালীপুজোর বিসর্জনে কড়া নিরাপত্তা কলকাতায়, ১৪টি ঘাটে মাইক হাতে দায়িত্বে ২৮ মহিলা পুলিশকর্মী

Arunima karmakar ·

কালীপুজোর (Kali Pujo) বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে শহরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিসর্জন পর্বে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ বার ১৪টি গুরুত্বপূর্ণ ঘাট ও সংযোগস্থলে মাইক হাতে ঘোষণার দায়িত্ব দেওয়া হচ্ছে ২৮ জন মহিলা পুলিশকর্মীকে। দুর্গাপুজোয় চোরবাগানে ভুল ঘোষণার জেরে বিপর্যয়ের ঘটনার পর এ বার বিসর্জন ঘিরে বাড়তি সতর্ক লালবাজার (Lalbazar)। সোমবার বিকেল ৪টে থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ঘাট ও সংলগ্ন এলাকায় নিয়মিত ঘোষণা করবেন তাঁরা। বিসর্জনের নিয়ম মেনে চলা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ দেবেন পুলিশকর্মীরা। লালবাজারের (Lalbazar) মতে, মহিলা পুলিশকর্মীদের নির্দেশ সাধারণ মানুষ তুলনামূলক বেশি গুরুত্ব দিয়ে শোনেন। সেই কারণেই এই বিশেষ উদ্যোগ।

নিমতলা, গোয়ালিয়র, বাজেকদমতলা, বাবুঘাট, বাগবাজার, কুমোরটুলি, দইঘাট, রতনবাবু ও মায়ের ঘাট-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন থাকবেন মহিলা পুলিশকর্মীরা। পাশাপাশি রবীন্দ্র সরণি ও নিমতলা ঘাট স্ট্রিট, নিমতলা ও স্ট্র্যান্ড রোডের সংযোগস্থল, পলাশি গেট রোড ও কিংসওয়ের সংযোগস্থল এবং জলপুলিশের দফতরের কাছেও চলবে মাইক হাতে ঘোষণা। বিসর্জনের সময় বাজি ফাটিয়ে যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে, সে দিকেও নজর রাখবে ট্রাফিক পুলিশ। দক্ষিণ কলকাতার আটটি গুরুত্বপূর্ণ মোড় এবং স্ট্র্যান্ড রোডে মোতায়েন থাকবে ট্রাফিক পুলিশের ন’টি দল। প্রতিটি দলে থাকবেন ছ’ থেকে আট জন পুলিশকর্মী ও আধিকারিক। গঙ্গায় টহল দেবে জলপুলিশের চারটি দল।

নিরাপত্তা আরও জোরদার করতে নিমতলা, গোয়ালিয়র, দইঘাট এবং জলপুলিশের দফতরের কাছে তৈরি করা হচ্ছে চারটি বিশেষ পুলিশ ক্যাম্প। শহরজুড়ে থাকবে প্রায় ২৫০টি পুলিশ পিকেট। দিনের বেলায় ২০টি গঙ্গার ঘাটে মোতায়েন থাকবেন পুলিশকর্মীরা। পাশাপাশি গঙ্গার ২৮টি ঘাটে যন্ত্রচালিত নৌকা, ওয়্যারলেস সেট ও লাউডস্পিকার নিয়ে প্রস্তুত থাকবে বিপর্যয় মোকাবিলা দফতরের (ডিএমজি) দল। জলপুলিশের দফতরেও থাকবে আরও দু’টি দল। শহরের ১৪টি সরোবর ও জলাশয়ে নৌকা ছাড়াই প্রস্তুত থাকবেন ডিএমজি কর্মীরা।

বেআইনি শব্দবাজি রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দু’দফায় শহরজুড়ে টহল দেবে পুলিশের একাধিক বাহন। থাকছে ৬২টি পুলিশ কন্ট্রোল রুম ভেহিকেল, ১০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ৩০টি পুলিশ কন্ট্রোল রুম মোবাইল এবং ১৮টি স্পেশাল হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। এ ছাড়াও ২২টি ছোট গাড়িতে বিশেষ দল এবং সরু রাস্তায় নজরদারির জন্য ১২৬টি অটো নিয়ে টহল দেবেন পুলিশকর্মীরা। প্রতিটি অটোয় থাকবেন দু’জন করে কর্মী। কোথাও যানজট তৈরি হলে তাঁরাও ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করবেন।

কালীঘাট মন্দিরের নিরাপত্তার দায়িত্বে এক ডিসির অধীনে মোতায়েন থাকবেন ১০০ জন পুলিশকর্মী। শহরের আরও ন’টি মন্দিরেও থাকবে পুলিশি নিরাপত্তা। ২৭টি গুরুত্বপূর্ণ মোড় ও ঘাটে নজরদারির জন্য তৈরি হয়েছে ওয়াচটাওয়ার। প্রতিটি ওয়াচটাওয়ারে বাইনোকুলার নিয়ে নজর রাখবেন দু’জন পুলিশকর্মী। শব্দবাজি নিয়ন্ত্রণে বহুতলের ছাদ থেকেও চলবে নজরদারি। দমকলের ইঞ্জিনকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে সাহায্য করার জন্য ন’টি জায়গায় প্রস্তুত থাকবে পুলিশের গাড়ি।

এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় ন’টি জায়গায় কুইক রেসপন্স টিম (কিউআরটি), চারটি জায়গায় স্পেশাল কিউআরটি, ১০টি অ্যাম্বুল্যান্স এবং ১৪টি ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হচ্ছে। হেস্টিংসের পুলিশ ট্রেনিং স্কুলে তৈরি করা হয়েছে অতিরিক্ত কন্ট্রোল রুম। সব মিলিয়ে বিসর্জন পর্বে ঘাট, মন্দির, জলপথ ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নজরদারি বাড়িয়ে নিরাপত্তার একাধিক স্তরের ব্যবস্থা করছে লালবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *