আলোর রোশনাইয়ে সেজেছিল তিলোত্তমা। কিন্তু উৎসবের আনন্দের আড়ালেই ক্রমশ ঘনিয়ে উঠল দূষণের কালো মেঘ। দীপাবলির রাতে সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনিক বিধিনিষেধ উপেক্ষা করে শহরজুড়ে চলল দেদার বাজি পোড়ানো। তার জেরে রাত বাড়তেই ভয়াবহ চেহারা নিল কলকাতার বায়ুদূষণ। মধ্যরাত পেরিয়ে রাত দুটো নাগাদ শহরের গড় বায়ুমান সূচক বা AQI পৌঁছে গেল ৪৩৭-এ। বাতাসের এই গুণমান স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। শহরের একাধিক এলাকায় দূষণ সূচক ৫০০-র গণ্ডি পেরিয়ে যায়। কাঁকুড়গাছিতে পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে AQI পৌঁছয় ৬১০-এ। তবে স্বস্তির বিষয়, দেশের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় জায়গা হয়নি কলকাতার। অন্যদিকে, দীপাবলির রাতে দূষণের নিরিখে শীর্ষে উঠে এসেছে রাজধানী দিল্লি। সেখানে মধ্যরাতে AQI পৌঁছে যায় ১ হাজার ৭১৩-তে।
পরিসংখ্যান অনুযায়ী, দীপাবলির রাতে কলকাতার বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা PM 2.5-এর পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম। PM 10-এর মাত্রাও পৌঁছয় ৩৫৪ মাইক্রোগ্রামে। রাত যত গড়িয়েছে, উত্তর থেকে দক্ষিণ—শহরের বিস্তীর্ণ এলাকায় ততই ছড়িয়েছে ধোঁয়াশার চাদর। বাতাসে বেড়েছে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ।
এলাকাভিত্তিক দূষণের পরিসংখ্যানেও উঠে এসেছে উদ্বেগজনক ছবি। উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে AQI ছিল ৬১০। মানিকতলায় ৫৩৮, বেনিয়াপুকুরে ৫২৮, লেবুতলায় ৪৯১, কাশীপুরে ৪৯০, তালতলায় ৪৬৯, দক্ষিণ সিঁথিতে ৪১৯ এবং পাইকপাড়ায় ৩৫৯। অর্থাৎ শহরের একাধিক এলাকায় বাতাসের গুণমান পৌঁছেছিল অত্যন্ত খারাপ স্তরে।
বিধাননগরেও পরিস্থিতি ছিল যথেষ্ট উদ্বেগজনক। সল্টলেকের ইই ব্লকে দূষণ সূচক পৌঁছয় ৬৬২-তে। ডিজে ব্লকে AQI ছিল ৫৫৭। বিধাননগর পুরসভা এলাকায় এই সূচক ছিল ৪৯০। মধ্য কলকাতার ফোর্ট উইলিয়ামে AQI রেকর্ড করা হয় ৪৮৪। এলগিন রোড ও হেস্টিংসে ৪৬২ এবং ময়দানে ৪৬১।
দক্ষিণ কলকাতাতেও দূষণের দাপট ছিল চোখে পড়ার মতো। চক্রবেড়িয়ায় AQI ছিল ৪৭৮, বালিগঞ্জে ৪৭৪, লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২, চেতলায় ৪২৫, ঢাকুরিয়ায় ৩৯৭ এবং সাউথ সিটিতে ৩৬২।
দেশের দূষিত শহরগুলির তালিকায় অবশ্য কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে একাধিক শহর। দীপাবলির রাতে দিল্লিতে AQI পৌঁছয় ১ হাজার ৭১৩-তে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোর (১৫৯৭), তৃতীয় উজ্জয়িনী (১৫৩০)। এরপর রয়েছে রতলম (১২৭০), ভাতিন্ডা (১২২৫), ফরিদকোট (১০৭৭), লুধিয়ানা (১০৬২), গাজিয়াবাদ (১০৫০), লখনউ (১০২৮) এবং ভোপাল (১০২৪)। আন্তর্জাতিক দূষিত শহরের তালিকায় কলকাতার স্থান ছিল ৭২ নম্বরে।
এদিকে, দীপাবলির পর কলকাতার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফুসফুস বিশেষজ্ঞ ডাঃ পার্থসারথি ভট্টাচার্য। তাঁর বক্তব্য, AQI ৪০০ পেরিয়ে গেলে সুস্থ মানুষেরও শ্বাসতন্ত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে হাঁপানি, সিওপিডি ও অ্যালার্জির সমস্যা রয়েছে যাঁদের, তাঁদের বাড়তি সতর্কতা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ, একান্ত প্রয়োজন না থাকলে সকালে বাইরে বেরনো এড়িয়ে চলাই ভাল। যাঁদের ইনহেলার ব্যবহারের প্রয়োজন রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ মেনে তা ব্যবহার করা উচিত।
শিশু ও প্রবীণদের ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাড়ির জানলা বন্ধ রাখা এবং একান্ত প্রয়োজনে বাইরে বেরোলে এন-৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, দীপাবলির আলোর উৎসবের পর বাজির ধোঁয়ায় কলকাতার বাতাস যে কতটা বিষাক্ত হয়ে উঠেছে, রাতের দূষণ পরিসংখ্যানেই স্পষ্ট সেই ছবি।

