কলকাতায় জমজমাট আয়োজনে প্রচারের আলোয় উঠে এল আসন্ন বাংলা ছবি ‘বিয়ে ফিয়ে নিয়ে’। অঞ্জন দত্ত প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবির বিশেষ প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত ৪ নভেম্বর। কলকাতার কামালগাজিতে ৬ বালিগঞ্জ প্লেস – ফ্লেভার্স অফ বেঙ্গল-এ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত, ছবির পরিচালক নীল দত্ত-সহ ছবির অভিনেতা ও কলাকুশলীরা। জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীত পরিচালক নীল দত্তের পরিচালনায় এই ছবির হাত ধরেই পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র পরিচালনায় আত্মপ্রকাশ হচ্ছে তাঁর।
ছবিটি মূলত একটি কমেডি-ড্রামা, যার প্রেক্ষাপট কোচবিহারের এক বাঙালি বিয়েবাড়ি। শর্মোনা ও রোহনের বিয়েকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু এবং প্রাক্তন প্রেমিক-প্রেমিকাদের একত্রিত হওয়ার মধ্য দিয়ে বিয়ের আনন্দ-উৎসবের পাশাপাশি সামনে আসতে থাকে নানা গোপন সত্য, জটিল সম্পর্ক, দাম্পত্যের টানাপোড়েন এবং আবেগের সংঘাত। চেনা বিয়েবাড়ির পরিবেশকে ব্যবহার করেই আধুনিক প্রেম, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক, ব্যক্তিস্বাধীনতা, পরিচয়ের সংকট এবং বদলে যাওয়া সামাজিক মূল্যবোধের নানা দিক তুলে ধরেছে ছবিটি। বিশেষ করে নতুন প্রজন্মের ভাবনাচিন্তার সঙ্গে প্রচলিত সামাজিক প্রত্যাশার সংঘাত ছবির কাহিনিতে অন্য মাত্রা যোগ করেছে।
ছবিতে অভিনয় করেছেন শ্রীময়ী ঘোষ, শাওন চক্রবর্তী, অনুষা বিশ্বনাথন, অনিরুদ্ধ গুপ্ত, আলকারিয়া হাসমি, অর্ঘ্য রায়, অন্বেষা বন্দ্যোপাধ্যায় এবং শাশ্রীক গঙ্গোপাধ্যায়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অরিত্র চৌধুরী। সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র এবং সাউন্ড ডিজাইনের দায়িত্ব সামলেছেন তীর্থঙ্কর মজুমদার। ছবির গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন নীল দত্ত, শাওন চক্রবর্তী, উষ্ণক বসু এবং অর্ণব ঘোষ।
মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রশংসা কুড়িয়েছে ‘বিয়ে ফিয়ে নিয়ে’। ২০২৫ সালে প্যারিসের গঙ্গেস সুর সেইন চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়। সেখানে বিশেষ জুরি পুরস্কারও পায় ছবিটি। পরবর্তী সময়ে ২০২৬ সালের লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে এটি। পাশাপাশি গোয়ায় আয়োজিত ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-এর ইন্ডিয়ান প্যানোরামা বিভাগেও জায়গা করে নিয়েছে ছবিটি।
হাসি, প্রেম, বিয়ের আনন্দ আর আধুনিক সম্পর্কের নানা অজানা সমীকরণ নিয়ে দর্শকদের সামনে নতুন স্বাদের গল্প তুলে ধরতে প্রস্তুত ‘বিয়ে ফিয়ে নিয়ে’। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীল দত্ত পরিচালিত এই ছবি।

