বাকুর ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক ভারতের। ত্রিনিদাদকে ৩-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট স্টেজে প্রথম জয় ছিনিয়ে নিল ব্লু-কোল্টসরা। পরবর্তী প্রতিপক্ষ আফগানিস্তান।
প্রথমার্ধেই জোড়া গোল হজম। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড়। কিন্তু দ্বিতীয়ার্ধে অনবদ্য প্রত্যাবর্তন ভারতের। আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের (FIFA U15 World Cup) টিয়ার সি-র লোয়ার ব্র্যাকেটে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিল ব্লু-কোল্টসরা। বুধবার শেষ ষোলোয় এই দাপুটে জয়ে টুর্নামেন্ট স্টেজে প্রথম জয়ের স্বাদ পেল কোচ বিবিয়ানো ফার্নান্দেজের ছেলেরা। হন্ডুরাসের কাছে আগের পর্বের তিক্ত হার ভুলে ফের জয়ে ফিরল তারা।
শুরুতে ধাক্কা ও ঘুরে দাঁড়ানোর অদম্য জেদ
হোভসান কম্পিটিশন কমপ্লেক্সের মাঠে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল ভারত (India U15 Football Team)। কিন্তু ছ’মিনিটের মাথায় খেলার গতির একেবারে বিপরীতে গোল করে ত্রিনিদাদকে এগিয়ে দেন জেলন ক্যারিংটন। দূরপাল্লার নিখুঁত হাফ-ভলিতে লক্ষ্যভেদ। ভারত এরপর সমতা ফেরানোর সুযোগ পেলেও ফিনিশিংয়ের অভাবে তা কাজে লাগেনি। উল্টে ১৮ মিনিটে ব্যবধান আরও দ্বিগুণ করেন জশুয়া সাইরাস। বক্সের অনেকটা বাইরে থেকে নেওয়া তাঁর বাঁ-পায়ের জোরালো নিচু শট আটকাতে পারেননি গোলরক্ষক জেনিত নিংথৌজাম। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে সাজঘরে ফেরে ভারত।
ভিক্টরের জোড়া গোল ও লালরেমরুয়াতফেলার জাদু
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া আক্রমণ শানায় ব্লু-কোল্টসরা। ২৩ মিনিটে বাঁ-দিক থেকে আর লালরেমরুয়াতফেলার সাজিয়ে দেওয়া নিচু ক্রসে দারুণ দক্ষতায় পা ছুঁইয়ে ব্যবধান কমান ভিক্টর লালমপুইয়া। ঠিক দু’মিনিট পর ফের ভিক্টরের ম্যাজিক। বক্সের জটলার মধ্যে চকিতে ঘুরে গিয়ে তাঁর নিখুঁত ফিনিশে সমতা ফেরায় ভারত (Indian Football)। আর ২৯ মিনিটে ত্রিনিদাদের কফিনে শেষ পেরেক পোঁতেন সেই লালরেমরুয়াতফেলা। ডানদিক থেকে আসা নিবাস মিতেইয়ের ক্রসে মাথা ঠান্ডা রেখে ৩-২ করেন তিনি। এরপর ভিক্টর হ্যাটট্রিকের সুযোগ পেলেও শট লক্ষ্যভ্রষ্ট হয়।

