খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
কলকাতা

ঘূর্ণিঝড়ের জেরে মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত, রবিবার ব্লু লাইনে কি স্বাভাবিক পরিষেবা? বড় ঘোষণা কর্তৃপক্ষের

Arunima karmakar ·

রক্ষণাবেক্ষণের কাজের জন্য পর পর পাঁচটি রবিবার ব্লু লাইনে (Blue Line) (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) দীর্ঘ সময় ধরে ভাঙাপথে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway)। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী রবিবার, ২২ নভেম্বরও পরিষেবা নিয়ন্ত্রণের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্তে বদল। খারাপ আবহাওয়া এবং বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে ওই দিনের রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। ফলে রবিবার ব্লু লাইনে স্বাভাবিক সূচি মেনেই চলবে মেট্রো।

উল্লেখ্য, প্রায় দেড় সপ্তাহ আগে বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ও ১৩ ডিসেম্বর পরিষেবা নিয়ন্ত্রণ করে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। প্রতিটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, অর্থাৎ টানা ৯ ঘণ্টা ভাঙাপথে মেট্রো চলার কথা ছিল। ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছিল। অন্যদিকে, ১৩ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছিল।

মেট্রো সূত্রে খবর, প্রথম চারটি রবিবার শহিদ ক্ষুদিরাম ও টালিগঞ্জ স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ করার পরিকল্পনা ছিল। সেই কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক প্রয়োজন। তাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকার কথা ছিল।

কিন্তু শুক্রবার নতুন বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ২২ নভেম্বরের জন্য নির্ধারিত ট্রাফিক ও পাওয়ার ব্লক বাতিল করা হচ্ছে। খারাপ আবহাওয়া এবং আবহাওয়া দফতরের পূর্বাভাসের কারণেই এই সিদ্ধান্ত। ফলে অন্যান্য রবিবারের মতো আগামী রবিবারও সকাল ৯টা থেকে ব্লু লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বৃষ্টি চলছে। কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও তা পুরোপুরি থামবে না। রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *