অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) আইনি অস্বস্তি আরও বাড়ল। শালবনির জমি দুর্নীতি মামলায় আগেই তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি (CID)। পরে আরও চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে পুলিশ (Police)। এ বার শালবনির মামলা বাদে বাকি চারটি মামলায় রক্ষাকবচ চেয়ে সুমিতের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণ, এই মুহূর্তে রক্ষাকবচ দিয়ে আর কোনও লাভ হবে না। পাশাপাশি, কোনও অন্তর্বর্তী নির্দেশও দিতে রাজি হয়নি আদালত।
পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় সুমিতের বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল। গত ১০ সেপ্টেম্বর ওই মামলায় তাঁকে গ্রেফতার করে সিআইডি। এর পর ডেবরা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার-সহ বিভিন্ন এলাকার মামলাতেও তাঁর নাম জড়ায়। ডায়মন্ড হারবারের সরিষার আশুতি এলাকায় একটি তৃণমূল কার্যালয় থেকে টাকা উদ্ধারের মামলাতেও সুমিতের নাম উঠে আসে। ওই মামলার তদন্তে তাঁকে নিজেদের হেফাজতে নেয় ডায়মন্ড হারবার পুলিশ। শালবনির মামলা ছাড়াও মোট চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়।
এই চারটি মামলায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। বৃহস্পতিবার তাঁর হয়ে আইনজীবী শঙ্করায়ন ও অয়ন ভট্টাচার্য আদালতে সওয়াল করেন। অন্য দিকে, রাজ্যের হয়ে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, সুমিতের আগাম জামিনের আবেদন আগেই সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ভট্টাচার্য জানান, এই পর্যায়ে রক্ষাকবচ দেওয়ার কোনও কার্যকারিতা নেই। ফলে সুমিতের আবেদন খারিজ হয়ে যায়।
আদালতের এই সিদ্ধান্তের পর সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ন্যায়বিচার শাসকদলের কাছে অধিকার হলেও বিরোধীদের ক্ষেত্রে তা যেন নিরন্তর লড়াই হয়ে দাঁড়িয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি নেতা ও তাঁদের ঘনিষ্ঠদেরই কেবল স্বস্তি মিলছে, আর বিরোধীদের সংবিধানপ্রদত্ত অধিকারের জন্য লড়াই চালিয়ে যেতে হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর কালীঘাটে অভিষেকের বাড়ি থেকেই সুমিতকে গ্রেফতার করেছিল সিআইডি। সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরই সিআইডির আধিকারিকেরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছন। অভিষেকের বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। কিছুক্ষণ বাগ্বিতণ্ডার পর বাড়ির ভিতরে ঢুকে সুমিতকে গ্রেফতার করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার হাই কোর্টের রায়ের পর তাঁর আইনি লড়াই আরও জটিল হল।

