খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 7, 2026
নজরে এখন ✦দীপাবলির আগেই বিষাক্ত ধোঁয়ায় ঢাকল দিল্লি! AQI ছাড়াল ৫২৫, চোখ খোলা দায়, দূষণ রুখতে জারি GRAP-III · এসআইআর ট্রাইবুনাল থেকে ফের ইস্তফা অবসরপ্রাপ্ত বিচারপতির! ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেন বিশ্বজিৎ বসু · গাজিয়াবাদের পুলিশ ফাঁড়িতে ভয়াবহ বিস্ফোরণ! দেওয়ালে ফাটল, জখম ডেলিভারি কর্মী, দায় স্বীকার জঙ্গি সংগঠনের
কলকাতা

এসআইআর ট্রাইবুনাল থেকে ফের ইস্তফা অবসরপ্রাপ্ত বিচারপতির! ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেন বিশ্বজিৎ বসু

Arunima karmakar ·

রাজ্যের এসআইআর সংক্রান্ত ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রাইবুনালের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে চিঠি লিখেছেন বিশ্বজিৎ বসু।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের নাম সংক্রান্ত অভিযোগ ও আবেদনের নিষ্পত্তির দায়িত্ব কলকাতা হাই কোর্টের উপর দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, হাই কোর্টের প্রধান বিচারপতির অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইবুনাল গঠনের কথা ছিল। সেই মতোই তৈরি হয় বিশেষ ট্রাইবুনাল। বর্তমানে সেখানে বিবেচনাধীন ভোটারদের নাম সংক্রান্ত আবেদন খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ চলছে। এই ট্রাইবুনালের সদস্য ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মুর্শিদাবাদ জেলার বিবেচনাধীন ভোটারদের নাম সংক্রান্ত আবেদনের দায়িত্বে ছিলেন তিনি।

উল্লেখ্য, এর আগেও এই ট্রাইবুনাল থেকে ইস্তফা দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। প্রায় এক মাস আগে প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। সল্টলেকের বাড়ি থেকে জোকার ট্রাইবুনালে প্রতিদিন যাতায়াত করতে তাঁকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছিল। ভাঙাচোরা রাস্তার কারণে যাতায়াতের ধকল সামলানো কঠিন হয়ে উঠছিল বলে চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। সেই কারণেই ট্রাইবুনালের দায়িত্ব পালন চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন।
এ বার ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি। এসআইআর ঘিরে বিতর্কের আবহে ট্রাইবুনালে জমে থাকা আবেদনের সংখ্যা এবং দ্রুত নিষ্পত্তি নিয়ে এমনিতেই উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে বিচারপতির সংখ্যা বাড়ানোর দাবিও উঠছে। তার মধ্যে আরও এক বিচারপতির ইস্তফায় নিষ্পত্তির কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বর্তমানে মোট ১৭ জন অবসরপ্রাপ্ত বিচারপতি এই ট্রাইবুনালের দায়িত্বে রয়েছেন। সূত্রের খবর, প্রতিদিন ট্রাইবুনালের কাজও হচ্ছে না। ফলে বিবেচনাধীন ভোটারদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *