রবিবার সন্ধ্যায় প্রকাশ্যে এল ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। লোগোর আনুষ্ঠানিক প্রকাশ করলেন উৎসবের উপদেষ্টা তথা ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, অভিনেত্রী পাপিয়া অধিকারী, বিধায়ক-অভিনেতা রুদ্রনীল ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এবারের চলচ্চিত্র উৎসবের লোগো তৈরি করেছেন সন্দীপ রায়। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর উদ্বোধনী ছবি দেখানো হবে সেখানেই। এবারের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড।
উৎসবে অংশগ্রহণের জন্য ডেলিগেট কার্ডের আবেদন প্রক্রিয়াও শুরু হতে চলেছে। আগামী ৫ নভেম্বর থেকে খুলে যাবে চলচ্চিত্র উৎসবের বিশেষ অনলাইন পোর্টাল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট থেকেই আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য এবং কোন কোন ছবি প্রদর্শিত হবে, তা জানা যাবে। অনলাইনের মাধ্যমেই ডেলিগেট কার্ডের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন জানিয়েছেন, এ বার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে।
এ বারের চলচ্চিত্র উৎসবে একঝাঁক তারকার উপস্থিতির আশ্বাস দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁর কথায়, উৎসবকে বিশেষ আকর্ষণীয় করে তুলতে একাধিক চমক থাকছে। উপস্থিত থাকতে পারেন রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের, জনি লিভার, কঙ্গনা রানাওয়াত এবং পরিচালক অনুরাগ কাশ্যপের মতো তারকারা। পাশাপাশি উৎসবের আয়োজন সফল করতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, হিরণ ও রুদ্রনীল ঘোষকে সামনে রেখে এগোনোর কথা জানিয়েছেন তিনি। মিঠুনের দাবি, এ বারের চলচ্চিত্র উৎসব কলকাতার সাংস্কৃতিক আবহে নতুন মাত্রা যোগ করবে।
অন্যদিকে, উৎসবের চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এ বার চলচ্চিত্র উৎসবের জন্য তৈরি হচ্ছে একটি বিশেষ থিম সং। রাতুল শংকর সেই থিম সংয়ের দায়িত্বে রয়েছেন। প্রতিটি ছবির প্রদর্শনের আগে গানটি দেখানো হবে। পাশাপাশি এ বারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকছে ‘ফিল্ম বাজার’-এর আয়োজনও। সব মিলিয়ে ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় চলচ্চিত্রের এক বর্ণময় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

