ডিএনএ (DNA) পরীক্ষায় উদ্ধার হওয়া দেহাংশের পরিচয় নিশ্চিত হতেই অবশেষে প্রতীকীভাবে শেষকৃত্য সম্পন্ন হল সামশেরগঞ্জের (Samsherganj) বিজেপি (BJP) কর্মী সুজিত মণ্ডলের (Sujit Mondal)। রবিবার ধুলিয়ানের (Dhuliyan) শ্মশানঘাটে ধর্মীয় রীতি মেনে তাঁর কুশপুতুল দাহ করা হয়। ছ’বছরের ছেলে সিদ্ধার্থ বাবার কুশপুতুলে মুখাগ্নি করে। সেই সঙ্গে ধর্মীয় প্রথা মেনে মাথা মুড়িয়ে দেওয়া হয় শিশুটির। উল্লেখ্য, গত অগস্ট মাসে খুন হয়েছিলেন সুজিত। তাঁর দেহাংশ উদ্ধারের পর ডিএনএ পরীক্ষায় পরিবারের এক সদস্যের নমুনার সঙ্গে মিল পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার সেই পরীক্ষার রিপোর্ট পরিবারের হাতে পৌঁছোয়।
ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিতকে গত অগস্টে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তভার নেয় সিআইডি। এই ঘটনায় সামাউল হক, জনি শেখ ও তাজফিরা বিবি নামে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বয়ানের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর ফরাক্কার বল্লালপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে কিছু দেহাংশ উদ্ধার করে পুলিশ। সেগুলি সুজিতের বলে সন্দেহ করা হলেও পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানো হয়। তদন্তকারীদের দাবি, ধৃতদের অন্যতম সামাউলের সঙ্গে সুজিতের ব্যবসায়িক সম্পর্ক ছিল। দু’জনে সুদের কারবার করতেন। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।
অন্যদিকে, গত ২৭ অক্টোবর ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ সামাউলের বিরুদ্ধে। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় তাঁর। একই দিনে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত প্রহ্লাদ দাসও পুলিশের গুলিতে নিহত হন।
রবিবার সুজিতের প্রতীকী শেষকৃত্যে উপস্থিত ছিলেন বিজেপির মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলার সহ-সভাপতি মিলন মণ্ডল। সুজিতের ভাই সুশীল জানান, রাজ্য সরকার তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। তার জন্য তাঁরা কৃতজ্ঞ। তবে ঘটনায় বাকি দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বিজেপি নেতা মিলন মণ্ডলের কথায়, দেহ না মেলায় প্রতীকীভাবেই বিদায় জানাতে হল সুজিতকে।

