খড়্গপুর (Kharagpur) আইআইটির (IIT) ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে ‘পরিবর্তিত’ ভারতের ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একই সঙ্গে শোনালেন ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন। শনিবারের অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এল দেশের প্রযুক্তিগত অগ্রগতি, দারিদ্র দূরীকরণ, আত্মনির্ভরতা এবং শিল্পায়নের প্রসঙ্গ। এই মঞ্চ থেকেই পশ্চিমবঙ্গের মাটির ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করানোর পাশাপাশি বাম আমলের শিল্পনীতিকে নিশানা করেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, “আইআইটি খড়্গপুর ভারতের বহু পরিবর্তনের সাক্ষী। ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত।” গত ১২ বছরে দেশের ৫০ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে বের করে আনার দাবিও করেন তিনি। পাশাপাশি মা-বোনেদের জন্য শৌচাগার নির্মাণের প্রসঙ্গও তুলে ধরেন। বিরোধীদের নাম না করে প্রধানমন্ত্রীর কটাক্ষ, “গরিবি দূর হবে না, এটাই ধারণা ছিল। কেউ ক্ষমতা দেখায়নি গরিবি দূর করা যায়। যখন ক্ষমতায় আসি, তখনই কাজ শুরুর পরিকল্পনা করি। আমরা গরিবদের শক্তিশালী করেছি।”
পড়ুয়াদের উদ্দেশে এ দিন ‘ব্রেক দ্য রুল’ মন্ত্রও দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রচলিত সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মোদী বলেন, “চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে না পারলে আমার শান্তি নেই।”
পশ্চিমবঙ্গের ইতিহাস ও ঐতিহ্যের কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মাটি এমন মাটি, যেখানে নতুন ভাবনা জন্ম নিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের দেশকে উঁচুতে দেখতে চেয়েছিলেন। আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার এই সফর বিকশিত ভারতের আসল শক্তি।” তাঁর সংযোজন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগেই আইআইটি খড়্গপুরের জন্ম। প্রতিষ্ঠানের পড়ুয়ারা দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
শিল্পায়নের প্রসঙ্গ টেনে এ দিন সরাসরি বামেদের নিশানা করেন মোদী। তাঁর অভিযোগ, প্রায় ৫০ বছর আগে ভারতে সেমিকন্ডাক্টর তৈরির সংস্থা এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে সেই সংস্থাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে রাজ্যের অতীত শিল্পনীতির সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
শনিবার সকাল ১০টার কিছু পরে নির্ধারিত সময়েই খড়্গপুরে পৌঁছন মোদী। কলাইকুন্ডায় তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে খারাপ আবহাওয়ার কারণে সফরসূচিতে কিছুটা পরিবর্তন হয়। প্রথমে কলাইকুন্ডা থেকে হেলিকপ্টারে আইআইটি খড়্গপুরের হেলিপ্যাডে পৌঁছনোর কথা ছিল প্রধানমন্ত্রীর। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত সড়কপথে তিনি আইআইটিতে পৌঁছন।
আইআইটি খড়্গপুরে সদ্য চালু হওয়া ডাক্তারি পাঠ্যক্রমের পঠনপাঠনের জন্য নির্ধারিত পরিকাঠামো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কথা বলেন প্রতিষ্ঠানের প্রায় ৭৫ জন পড়ুয়ার সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ বিশিষ্ট ব্যক্তিরা। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান।
প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রাও উন্মোচন করেন মোদী। ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ রুপো দিয়ে তৈরি মুদ্রাটির ওজন ৪০ গ্রাম এবং ব্যাস ৪৪ মিলিমিটার। এর প্রান্তে রয়েছে ২০০টি খাঁজ। মুদ্রার এক দিকে অশোক স্তম্ভের সিংহমূর্তি এবং অন্য দিকে আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীর লোগো রয়েছে।

