পৌর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI)। আদালতের অনুমতি পাওয়ার পর শনিবার জেলে গিয়ে তাঁর মুখোমুখি হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে নিয়োগের অভিযোগের তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সুজিত বসুর সুপারিশ ছিল। সেই সময় তিনি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তদন্তে সুজিত বসু ঘনিষ্ঠ নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। একই ধরনের তথ্য মিলেছে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করেও। এরপরই প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের দ্বারস্থ হয় সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে আদালত। উল্লেখ্য, গত ১১ মে গ্রেফতার হন সুজিত বসু। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর হাতে নগদ ২০ কোটি টাকা পৌঁছেছিল বলে চার্জশিটে অভিযোগ করেছে ইডি। গ্রেফতারির ৬০ দিনের মাথায় বিশেষ আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে সুজিত বসুর পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসু, তাঁর দুই সংস্থা এবং পুর ও নগরোন্নয়ন দফতরের তৎকালীন আধিকারিক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। ইডির আরও অভিযোগ, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের মাধ্যমে তিন কোটি টাকা পৌঁছেছিল। এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে এই নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।
কলকাতা
জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি

