খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
SaturdayNovember 21, 2026
নজরে এখন ✦‘গরুর গাড়ি থেকে বুলেট ট্রেন’, ৭৫ বছরে ভারতের বদলের খতিয়ান মোদীর, নিশানায় বাম আমলের শিল্পনীতি · জেলেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের অনুমতি · Google’s $5 Million Boost For IIT Kharagpur’s AI Future
কলকাতা

কলকাতা পুলিশের শক্তি বাড়াতে নতুন র‌্যাফ ব্যাটালিয়ন, ৭৯০টি পদে নিয়োগের অনুমোদন নবান্নের

Arunima karmakar ·

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতা পুলিশে (Kolkata Police) নতুন র‌্যাফ (RAF) ব্যাটালিয়ন গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই নতুন বাহিনী তৈরির জন্য স্বরাষ্ট্র দফতরের অনুমোদন মিলেছে। নবান্নের (Nabanna) তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে ব্যাটালিয়নের কাঠামো ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যাটালিয়নের জন্য মোট ৭৯০টি পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৫০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর, এসপি এবং ডিসিপি পদমর্যাদার আধিকারিকরাও এই বাহিনীতে থাকবেন। কলকাতা পুলিশের অধীনে ইতিমধ্যেই র‌্যাফ বাহিনী থাকলেও আইনশৃঙ্খলা রক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

নতুন ব্যাটালিয়নের মূল দায়িত্ব হবে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কোথাও অশান্তি বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত সেখানে বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি দুর্গাপুজো-সহ বিভিন্ন বড় উৎসব ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বও সামলাবে এই বাহিনী। সম্প্রতি দুর্গাপুজোর সময় চোরবাগানের একটি ক্লাবে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ঘটনার পর কলকাতা পুলিশের নিরাপত্তা পরিকাঠামো আরও মজবুত করার এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাজ্যে পালাবদলের পর থেকেই পুলিশ বাহিনীর দক্ষতা ও পরিকাঠামো উন্নয়নের কথা বলে আসছে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, একসময় পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা যথেষ্ট উন্নত ছিল। কলকাতা পুলিশের সঙ্গে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন পুলিশ বিভাগের তুলনাও করা হত। কিন্তু বিগত সরকারের আমলে পুলিশের সেই দক্ষতাকে যথাযথ ভাবে কাজে লাগানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। বর্তমান সরকারের আমলে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর আশ্বাসও দিয়েছেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচন শেষ হলেও কলকাতায় এখনও ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন পুলিশ ডিভিশনে ছড়িয়ে রয়েছে ওই বাহিনী। নির্বাচন পরবর্তী সময়ে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে কলকাতা পুলিশের নিজস্ব র‌্যাফ বাহিনীর সংখ্যা বাড়ানোর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

পুলিশের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক সরঞ্জাম ও উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশের অন্যান্য বড় শহরের পুলিশ বাহিনীর সঙ্গে পাল্লা দিয়ে কলকাতা পুলিশকে আরও দক্ষ করে তোলার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

সিআরপিএফ-সহ আধাসেনা বাহিনীর আদলে কলকাতা পুলিশের এই নতুন ব্যাটালিয়ন গড়ে তোলার পরিকল্পনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে এই বাহিনীর ভূমিকা নিয়ে বিরোধী শিবিরের মধ্যে সংশয়ও রয়েছে। তাদের আশঙ্কা, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিক্ষোভ ও আন্দোলন দমনেও এই বাহিনীকে ব্যবহার করতে পারে রাজ্য সরকার। ফলে নতুন র‌্যাফ ব্যাটালিয়নের দায়িত্ব ও কার্যকারিতা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *