কালীপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে মেট্রোযাত্রীদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, তার জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ৮ নভেম্বর, রবিবার একাধিক লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে চলবে অতিরিক্ত ট্রেন। পাশাপাশি বদলানো হচ্ছে সকালের প্রথম এবং রাতের শেষ মেট্রোর সময়সূচিও। শুক্রবার কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কালীপুজোর দিন ব্লু লাইনে মোট ১৫২টি মেট্রো চলবে। এর মধ্যে ৭৬টি আপ এবং ৭৬টি ডাউন ট্রেন। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। অন্য দিকে, শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকেও শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে একই সময়ে।
রাতেও বাড়ানো হচ্ছে পরিষেবার সময়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়।
অন্য দিকে, গ্রিন লাইনেও বাড়ছে মেট্রোর সংখ্যা। ওই দিন এই লাইনে মোট ১২৩টি ট্রেন চলবে, যা সাধারণ দিনের তুলনায় ১২টি বেশি। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। অন্য দিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২ মিনিটে। দুই দিকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
তবে ইয়েলো লাইনে পরিষেবার ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। এই লাইনে মোট ৭৮টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টায় ছাড়বে। বিপরীত দিকে, জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ৪০ মিনিটে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে।
এদিকে, কালীপুজোর দিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা চালু থাকবে না। ফলে উৎসবের দিনে মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট লাইনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের।

