কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডলের। নতুন করে এফআইআর দায়েরের ক্ষেত্রে আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মিলল না স্বস্তি। তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের পূজা অবকাশকালীন বিশেষ বেঞ্চ। কোনও অন্তর্বর্তী নির্দেশও দেয়নি আদালত। ফলে আপাতত নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে কোনও আইনি সুরক্ষা পেলেন না বিধায়ক।
আদালতে দিলীপ মণ্ডলের দাবি ছিল, ৪ মে ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে তাঁর বিরুদ্ধে মোট ৩৭টি অভিযোগ দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যাতে নতুন করে কোনও এফআইআর দায়ের না করা হয়, সেই আবেদন জানিয়েই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বিধায়কের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত।
অন্যদিকে, রাজ্যের তরফে পাল্টা সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। রাজ্য সরকারের আইনজীবীদের দাবি, এই মামলায় উচ্চপদস্থ আধিকারিকদের হুমকি দেওয়ার মতো গুরুতর বিষয়ও জড়িত রয়েছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগের প্রসঙ্গও আদালতে তুলে ধরে সরকারপক্ষ।
উল্লেখ্য, বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন দিলীপ মণ্ডল। এই পরিস্থিতিতে নতুন করে এফআইআর দায়েরের আশঙ্কা থেকে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে তাঁর সেই আবেদন খারিজ হওয়ায় আপাতত কোনও স্বস্তি মিলল না। কলকাতা হাই কোর্টের এই সিদ্ধান্তে নতুন এফআইআর থেকে সুরক্ষা পাওয়ার আর্জি কার্যত ধাক্কা খেল।

