খবরের সঙ্গে, আপনার সঙ্গেamraikhobor.com • বাংলা
ENTERTAINMENT. SPORTS. STORIES.বাংলার খবর। বাংলার ভাষায়।
FridayNovember 6, 2026
নজরে এখন ✦কালীপুজোয় বাড়তি মেট্রো পরিষেবা! ব্লু ও গ্রিন লাইনে চলবে অতিরিক্ত ট্রেন, রাত ১১টা পর্যন্ত মিলবে মেট্রো · নির্বাচন কমিশনের অন্দরে ক্ষমতার ভারসাম্য ফেরানোর চেষ্টা! সীমা খন্নার উপর ফিরল ডেপুটি ইলেকশন কমিশনারের নজরদারি, নতুন নির্দেশিকা জ্ঞানেশ কুমারের · ৩৭টি অভিযোগের পর নতুন এফআইআর আটকাতে হাই কোর্টে আবেদন, তবুও রক্ষাকবচ পেলেন না ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডল! খারিজ আর্জি
আবহাওয়া

কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই, তবে উৎসবের পরেই ভিজতে পারে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, ৩ ডিগ্রি নামবে পারদ

Arunima karmakar ·

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন দিনে রাজ্যের বিভিন্ন জেলায় পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে এখনই শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা নেই। উল্টে আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিও হতে পারে।

রবিবার কালীপুজো, বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। উৎসবের মরসুমে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল রয়েছে সাধারণ মানুষের। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। স্বস্তির খবর, রবিবার কালীপুজোর দিন বৃষ্টির আশঙ্কা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়াতেও আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিকাংশ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তার পর তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই।

এদিকে, বঙ্গোপসাগরে পর পর দু’সপ্তাহে তৈরি হয়েছিল দু’টি শক্তিশালী ঘূর্ণিঝড়। অর্ণব ও মুরাসুর প্রভাবে ভারতের দক্ষিণ ও পূর্ব উপকূলবর্তী রাজ্যগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমে অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে আছড়ে পড়ে। তার মাত্র সাত দিনের ব্যবধানে তীব্র ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে তাণ্ডব চালায়। দুই ঘূর্ণিঝড়ের প্রভাবে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ঝড়বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে মুরাসুর সরাসরি প্রভাব না পড়লেও অর্ণবের জেরে এ রাজ্যেও ঝড়বৃষ্টি হয়েছিল। আপাতত বঙ্গোপসাগরে নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। তবে পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহবিদেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *